Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (12)

রাজ্যের সরকারি ও সরকার-পোষিত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়নের নামে ফি আদায় এবং তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিয়ে এবার কড়া অবস্থান নিল উচ্চশিক্ষা দপ্তর। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছে।

উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, বর্তমানে রাজ্যের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র ইউনিয়ন কার্যকর নেই। সেই কারণে নিয়ম অনুযায়ী ছাত্র ইউনিয়নের নামে পড়ুয়াদের কাছ থেকে কোনও ফি আদায় করা যায় না। অথচ দীর্ঘদিন ধরেই বহু প্রতিষ্ঠানে এই খাতে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতির প্রেক্ষিতেই অবিলম্বে ‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ নেওয়া বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে।

পাশাপাশি, এতদিন ছাত্র ইউনিয়নের নামে কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই অর্থ কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, তার বিস্তারিত হিসাবও চেয়েছে দপ্তর। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ নথি জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মহলের একাংশের মতে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ফান্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও আর্থিক স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সরকার এবার আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ অডিটের পথে হাঁটছে।

প্রশাসনের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। আগামী এক মাসের মধ্যে জমা পড়া রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে ছাত্র ইউনিয়নের তহবিল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শিক্ষা মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *