858663881 2170127840272316 8087599692504203939 n

শমিত সিনহা :

দশমীতে মায়ের বিসর্জনের পরেও আবার দেবীর পুজো! জানেন এই অপরাজিতা পুজোর ইতিহাস?
দশমী মানেই তো আমাদের কাছে মায়ের বিদায়। সকাল থেকে সিঁদুরখেলা, মিষ্টিমুখ, তারপর বিসর্জন। কিন্তু দশমীর কিছু পুরোনো রীতিনীতি নিয়ে পড়তে গিয়ে একটা বেশ অদ্ভুত বিষয় জানতে পারলাম। আমরা যখন ভাবি মায়ের পুজো শেষ, তখনই আবার শুরু হয় দেবীর আরেক রূপের আরাধনা। সেই দেবীর নাম অপরাজিতা।

অপরাজিতা নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। বাড়ির আশেপাশে নীল বা সাদা অপরাজিতা ফুলও নিশ্চয়ই দেখেছি। কিন্তু দশমীর সঙ্গে এই অপরাজিতা দেবীর সম্পর্কটা ঠিক কী?

পুরোনো পূজাপদ্ধতি অনুযায়ী, দশমীর বিসর্জনের আচার সম্পন্ন হওয়ার পর মণ্ডপের ঈশান কোণে, অর্থাৎ উত্তর-পূর্ব দিকে, একটি অষ্টদল পদ্ম আঁকা হয়। সেখানে অপরাজিতা লতা স্থাপন করে দেবীর অপরাজিতা রূপের পুজো করা হয়।

এখানে একটা মজার বিষয় আছে। আমরা দুর্গাকে সাধারণত দশভুজা রূপেই দেখতে অভ্যস্ত। কিন্তু অপরাজিতা দেবীর ধ্যানমন্ত্রে তাঁর চতুর্ভুজা রূপের বর্ণনাও পাওয়া যায়। হাতে শঙ্খ, চক্র, বর ও অভয়মুদ্রা। বিভিন্ন পূজাপদ্ধতিতে তাঁর রূপের বর্ণনাতেও কিছু পার্থক্য রয়েছে।

প্রাচীনকালে বিজয়া দশমী শুধুমাত্র দেবীর বিসর্জনের দিন ছিল না। এই তিথিকে নতুন যাত্রা, বিশেষ করে রাজাদের যুদ্ধযাত্রার জন্যও শুভ বলে মনে করা হতো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অপরাজিতা দেবীর পুজো করে হাতে অপরাজিতা লতা ধারণ করে যাত্রা শুরু করলে বিজয়লাভ হয়।

অর্থাৎ আজ আমরা যে দশমীকে মূলত বিদায়ের দিন হিসেবে দেখি, একসময় সেই একই দিনকে নতুন অভিযানে বেরোনোর শুভক্ষণ হিসেবেও দেখা হতো।

আরও একটা বিষয় জানতে পারলাম। এই অপরাজিতা লতার ব্যবহার কিন্তু শুধু দশমীতেই সীমাবদ্ধ নয়। সপ্তমীর দিন নবপত্রিকা বাঁধার সময়ও অপরাজিতা লতা ব্যবহার করা হয়। অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত আমাদের পরিচিত পুজোর মধ্যেই এই লতার একটা বিশেষ ভূমিকা রয়েছে, যেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করি না।

তবে অপরাজিতা পুজোর ইতিহাস ঘাঁটতে গিয়ে একটা বিষয় বেশ অবাক করল। বাংলার সব পুরোনো দুর্গাপূজার গ্রন্থে কিন্তু এই পুজোর উল্লেখ পাওয়া যায় না। মধ্যযুগের মিথিলার কিছু পূজাপদ্ধতিতে এর উল্লেখ থাকলেও বাংলার প্রাচীন কয়েকটি গ্রন্থে তা অনুপস্থিত। ফলে আজকের প্রচলিত রীতিটা ঠিক কবে থেকে বাংলার দুর্গাপুজোর অংশ হয়ে উঠল, সেটা নিয়েও গবেষণার অবকাশ রয়েছে।

আবার বীরভূমের মুরারইয়ের কণকপুর গ্রামে অপরাজিতা দেবীর একটি মন্দিরও রয়েছে, যেখানে শুধু দশমী নয়, সপ্তমী থেকে দশমী পর্যন্ত তাঁর আরাধনা করা হয়।

এসব পড়তে গিয়ে মনে হলো, আমরা দশমী বলতে শুধু মায়ের বিদায়টুকুই বুঝি। অথচ এই একই তিথির সঙ্গে কত পুরোনো বিশ্বাস, রাজাদের যুদ্ধযাত্রা, বিজয়ের প্রার্থনা আর বিভিন্ন অঞ্চলের নিজস্ব পুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে।

বিদায় আর বিজয়, দুটো একেবারে আলাদা অনুভূতি। অথচ আমাদের বিজয়া দশমীর মধ্যেই দুটো পাশাপাশি রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *