শমিত সিনহা :
জলপাইগুড়ির বেলাকোবার মন্থনী হাটের পুজো বাংলার আর পাঁচটা দুর্গাপুজোর চেয়ে একেবারে আলাদা। এখানে পৌরাণিক কোনো দেবীর পুজো হয় না, বরং পুজো হয় রক্তমাংসের এক মানবীর! যিনি নিজের কীর্তি আর সাহসের জোরে সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছিলেন স্বয়ং দেবী। তিনি আর কেউ নন, স্বয়ং ‘দেবী চৌধুরানী’।
সময়টা ১৭৭০ থেকে ১৭৭৩ সাল। ইংরেজ শাসক ও তাদের ইজারাদারদের অত্যাচারে বাংলার সাধারণ মানুষ তখন অতিষ্ঠ। সেই সময় বৈকুণ্ঠপুরের রাজা দর্পদেব, ভবানী পাঠক এবং রংপুরের মন্থনা এস্টেটের মালকিন জয়দুর্গা দেবী একজোট হয়ে সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহ গড়ে তোলেন (যা সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত)। তাঁরা ইজারাদারদের সম্পত্তি লুঠ করে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন। গরিবের ত্রাতা এই জয়দুর্গা দেবীর জীবন থেকেই অনুপ্রাণিত হয়ে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বিখ্যাত ‘দেবী চৌধুরানী’ উপন্যাস লিখেছিলেন।
জয়দুর্গা দেবীর মৃত্যুর পর মন্থনী রাজ্যের প্রজারা তাঁকে ভুলতে পারেননি। তাঁরা তাঁর মূর্তি তৈরি করে সুখ-সমৃদ্ধির দেবী হিসেবে পুজো শুরু করেন। বৈকুণ্ঠপুরের রাজা দর্পদেবের আমলেই জলপাইগুড়ি শহর ছাড়িয়ে রংধামালির কাছে মন্থনী হাটে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এই সাহসী মানবী কালক্রমে মানুষের ভক্তি ও ভালোবাসায় হয়ে ওঠেন ‘মা মন্থনী’ বা ‘জয়দুর্গা’। কেমন লাগছে আপনাদের এই বাঙলার উৎসবের এই ঘটনাগুলো? এখানে মায়ের মূর্তিতে কোনো জমিদারি জাঁকজমক বা দশটি হাত নেই, নেই মহিষাসুর বা কোনো অস্ত্র। লাল পাড় সাদা শাড়ি পরে, নীল রঙের সিংহাসনে বসে থাকেন মা মন্থনী। তাঁর বাঁ হাতে থাকে একটি ফুল আর ডান হাত থাকে বরাভয় মুদ্রায়। যেহেতু জয়দুর্গা দেবী ও ভবানী পাঠক দু’জনেই কালীর উপাসক ছিলেন, তাই এই মন্থনী মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন কালী মন্দিরও।
দুর্গাপুজোর সময় মন্থনী হাটে এক অদ্ভুত নিয়ম মানা হয়। ষষ্ঠী থেকে নবমী এই চারদিন মণ্ডপে দুর্গা প্রতিমার আরাধনা শুরুর আগে, নিয়ম করে মূল মন্দিরে মা মন্থনী বা জয়দুর্গা দেবীর পুজো করা হয়। দেবীকে ভোগ হিসেবে দেওয়া হয় দুধ, পায়েস ও খিচুড়ি। পুজোর ক’দিন আশেপাশের চা-বাগান এবং ৩৩টি পাড়ার মানুষ একসঙ্গে মিলে এখানে এক বিশাল মেলায় মেতে ওঠেন। চা-বাগান ঘেরা এই গ্রামে আজও মানুষের প্রবল বিশ্বাস তাঁদের মন্থনী মা-ই তাঁদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন।