Polish 20261107

শমিত সিনহা :

বীরভূমের লাভপুর ব্লকের অন্তর্গত দোনাইপুর গ্রামে গেলে আপনি এমন এক অদ্ভুত এবং গায়ে কাঁটা দেওয়া কালীপুজোর সাক্ষী হতে পারবেন, যা গোটা বাংলায় সত্যিই বিরল! সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খুব কাছেই অবস্থিত এই দোনাইপুর কালী মন্দিরে একই সঙ্গে পূজিতা হন তিন বিশালাকৃতির দক্ষিণা কালী!

এই মন্দিরের তিন কালী মূর্তিকে তিন বোন হিসেবে পুজো করা হয়। মাঝখানে বিরাজ করেন ‘বড়মা’ কালী, যাঁর উচ্চতা শুনলে চমকে যেতে হয় তিনি ২১ থেকে ২৬ ফুট লম্বা! বড়মায়ের বাঁ দিকে থাকেন ‘টেবা মা’ এবং ডানদিকে থাকেন ‘বিশ্বেশ্বরী মা’, যাঁদের উচ্চতা প্রায় ১০-১২ ফুট।

৩০০ বছরেরও বেশি পুরোনো এই তিন মায়ের পুজো একসময় কিন্তু একই জায়গায় হতো না। লাভপুরের জমিদার বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছারি বাড়িতে পূজিতা হতেন বড়মা কালী, স্থানীয় জমিদার চক্রবর্তী পরিবারের আরাধ্যা ছিলেন ‘টেবা মা’ কালী এবং মুখার্জী পরিবারের ব্যক্তিগত উদ্যোগে পুজো হতো ‘বিশ্বেশ্বরী মা’-এর।

জমিদার প্রথার অবসানের পর, আজ থেকে প্রায় ষাট থেকে দেড়শো বছর আগে গ্রামবাসীদের সিদ্ধান্তে এই তিন পুজোকে একই মন্দিরে একত্রিত করা হয়। বর্তমানে চক্রবর্তীরাই বংশপরম্পরায় এই মন্দিরের দায়িত্ব পালন করছেন।

এই পুজো ঘিরে এক মারাত্মক অলৌকিক জনশ্রুতি রয়েছে। পাঠক বংশের ত্রৈলোক্যনাথ পাঠক নামে এক তান্ত্রিক স্বপ্নাদেশে প্রথম এই ‘টেবা মা’ কালীর প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি হলো, এখানকার আদি পুরোহিত নাকি চোখে একদম দেখতে পেতেন না।

অন্ধ হওয়ার কারণে গ্রামের মানুষ তাঁকে ‘কানাকর্তা’ বলে ডাকতেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সারা বছর অন্ধ থাকলেও কালীপুজোর রাতে মায়ের চক্ষুদানের পর থেকে বিসর্জন পর্যন্ত তিনি সবকিছু একদম স্পষ্ট দেখতে পেতেন! মায়ের ঘট বিসর্জনের সঙ্গে সঙ্গেই তিনি আবার অন্ধ হয়ে যেতেন!

স্থানীয়দের বিশ্বাস, এই টেবা মায়ের দেওয়া মাদুলি বা কবচ ধারণ করলে শিশুদের ‘ট্যাবা রোগ’ (সেই যুগে যক্ষ্মা বা টিবি রোগকে চলতি কথায় ট্যাবা রোগ বলা হতো), পেটের সমস্যা বা হাঁপানি সেরে যেত। এছাড়া বন্ধ্যাত্ব নিরাময়ের জন্য মহিলারা এখানে শাখা, সিঁদুর, আলতা ও লালপেড়ে শাড়ি মানত করেন। আজও কঠিন রোগ মুক্তির আশায় ভক্তরা মায়ের কাছে এক ঘড়া গঙ্গাজল, ১৬ আনা, ১৬ কলা এবং পশুবলি মানত করে যান।

দোনাইপুরের এই কালী মন্দিরে রাতে কোনো পুজো হয় না। একমাত্র কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় এখানে নিশিপুজো হয়। রাত ১২টার পর ঘট আনা হয় এবং প্রথমে লক্ষ্মী-অলক্ষ্মীর পুজো হয়। কালীপুজোর রাতে কোনো অন্নভোগ হয় না; চিঁড়ে, লুচি, খই আর চিনির নাড়ু দিয়েই মাকে সন্তুষ্ট করা হয়।

এই মন্দিরের বলিদানের প্রথাও বিশাল। কালীপুজোর দিন এখানে আটশো বা তারও বেশি পাঁঠা এবং মেষ বলি দেওয়া হয়। বিসর্জনের দিনও রয়েছে এক বিশেষ রীতি। বিজয়া দশমীর মতো এখানে মায়ের কাছে নিবেদিত সিঁদুর ও আলতা নিয়ে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন এবং পুজো শেষের আট দিনের মাথায় মন্দিরের পাশের পুকুরেই তিন বোনের বিসর্জন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *