শমিত সিনহা :
শান্তিপুরের কালীপুজোর ইতিহাসে সর্বপ্রথম যে নামটি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তিনি হলেন শান্তিপুরের অধিষ্ঠাত্রী দেবী, আদি দক্ষিণা কালী, রত্নগর্ভ সার্বভৌম আগমবাগীশের আরাধ্যা দেবী শ্রীশ্রী আগমেশ্বরী মাতা।
মা আগমেশ্বরীর ইতিহাস শুধু একটি পুজোর ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার তন্ত্রসাধনা, প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং শাক্ত ও বৈষ্ণব ধর্মধারার এক অপূর্ব মেলবন্ধন।
ইতিহাস ও জনশ্রুতি অনুসারে, প্রায় চারশো বছরেরও বেশি আগে তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর রত্নগর্ভ সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে এই পুজোর প্রচলন করেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ ছিলেন বিখ্যাত তন্ত্রশাস্ত্রবিদ এবং বৃহৎ তন্ত্রসার গ্রন্থের সংকলক। তাঁর বংশধর সার্বভৌম আগমবাগীশও ছিলেন তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত ও একনিষ্ঠ শাক্ত সাধক।
প্রচলিত কাহিনি অনুযায়ী, সার্বভৌম আগমবাগীশ স্বপ্নাদেশে দেবীর নির্দেশ পেয়ে তাঁর আরাধ্যা মহাকালীর মৃন্ময়ী রূপ নির্মাণ করেন। গঙ্গার মাটি দিয়ে তৈরি সেই দেবীমূর্তির আরাধনাই কালক্রমে শান্তিপুরের এক ঐতিহাসিক ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়।
এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি সুন্দর ইতিহাস। শাক্ত সাধক সার্বভৌম আগমবাগীশের সঙ্গে বৈষ্ণব পরিবারের সম্পর্কের সূত্র ধরেই শান্তিপুরে দুই ভিন্ন সাধনধারার এক অনন্য মিলন ঘটেছিল। অদ্বৈতাচার্যের বংশধর মথুরেশ গোস্বামীর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় শান্তিপুরে প্রতিষ্ঠা পায় এই আরাধনা। সেই থেকেই আগমবাগীশের আরাধ্যা দেবী পরিচিত হন ‘আগমেশ্বরী’ নামে।
শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির নিকটবর্তী পঞ্চমুণ্ডির আসন সংলগ্ন স্থান আজও ‘আগমেশ্বরীতলা’ নামে পরিচিত।
সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি মায়ের প্রতি মানুষের বিশ্বাস, ভক্তি ও আবেগ। প্রাচীন রীতি মেনে আজও দীপান্বিতা অমাবস্যায় নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হয় মায়ের আরাধনা। মায়ের বিশালাকার দক্ষিণাকালী রূপ দর্শন করতে শুধু শান্তিপুর নয়, দূরদূরান্ত থেকেও ছুটে আসেন অগণিত ভক্ত।
মা আগমেশ্বরী শুধু একটি মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী নন, তিনি শান্তিপুরের মানুষের আবেগ, আত্মপরিচয় ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের আরাধনা বহন করে চলেছে এই শহর।
যেখানে ইতিহাসের সঙ্গে মিশে আছে বিশ্বাস, যেখানে সাধনার সঙ্গে মিশে আছে ভক্তি, আর যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বিরাজ করছেন মা স্বয়ং, সেই শান্তিপুরের গর্ব, আমাদের প্রাণের মা আগমেশ্বরী।
জয় মা আগমেশ্বরী।
🙏🌺🙏