মালদহ শহরে সরকারি জমি দখল ও কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও আইনজীবী সঞ্জয় শর্মা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, সরকারি জমি এবং মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পত্তির একাংশে বেআইনিভাবে বাণিজ্যিক নির্মাণ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাস্তার ধারে একাধিক স্থায়ী কাঠামো গড়ে তুলে সেগুলি উচ্চমূল্যে বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ হলেও সেই অর্থ সরকারি কোষাগারে জমা পড়েনি বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর মতে, গোটা প্রক্রিয়াটি পৌর আইন ও প্রশাসনিক বিধিনিষেধের পরিপন্থী।
সঞ্জয় শর্মা আরও জানান, অতীতেও তিনি এই বিষয়ে প্রশাসনের নজর আকর্ষণ করেছিলেন। কিন্তু সেই সময় কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার তিনি আশা করছেন জেলা প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করবে এবং অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইংরেজবাজার পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, সমস্ত সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে অনুমোদিত হয়েছে এবং আইন মেনেই কাজ সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, কোনও অর্থ আত্মসাৎ হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ সামনে আনা হচ্ছে।
সরকারি সম্পত্তি ও কোটি টাকার লেনদেনের অভিযোগ ঘিরে এখন প্রশাসনিক তদন্তের দিকে তাকিয়ে রয়েছে মালদহবাসী।