রাজ্যের স্বল্পমূল্যের খাদ্য প্রকল্পে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল সরকার। নবান্নে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দীর্ঘদিনের পরিচিত ‘মা ক্যান্টিন’ এবার নতুন নামে পরিচিত হবে। প্রকল্পটির নতুন নাম রাখা হয়েছে ‘মা আহার’। একইসঙ্গে প্রকল্পের পরিধি বাড়িয়ে আরও বেশি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে খবর, বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে চালু থাকা ৩৯০টি কেন্দ্রের সঙ্গে আরও ১১০টি নতুন কেন্দ্র যুক্ত করা হবে। ফলে মোট ৫০০টি ‘মা আহার’ কেন্দ্র থেকে সাধারণ মানুষ স্বল্পমূল্যে খাবার পাবেন। সরকারের মতে, এই সম্প্রসারণের ফলে শ্রমজীবী, নিম্নবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত মানুষের খাদ্য সুরক্ষা আরও জোরদার হবে।
প্রসঙ্গত, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া ‘মা ক্যান্টিন’-এ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, তরকারি এবং ডিম পরিবেশন করা হত। সরকার পরিবর্তনের পর প্রকল্পটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং খাদ্যতালিকায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে নির্দিষ্ট দিনে মাছ-ভাতও দেওয়া হবে, তাও একই মূল্যে।
সম্প্রতি তিনি জানান, সপ্তাহে দু’দিন মাছ পরিবেশনের ব্যবস্থা করা হবে যাতে সাধারণ মানুষ আরও পুষ্টিকর খাবার পান। এবার সেই ঘোষণার পরই নাম পরিবর্তন এবং কেন্দ্র বৃদ্ধির সিদ্ধান্ত সামনে এল।
সরকারের দাবি, ‘মা আহার’ শুধু একটি খাদ্য প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। নতুন নাম ও বিস্তৃত পরিষেবার মাধ্যমে প্রকল্পটি আরও বৃহৎ পরিসরে মানুষের উপকারে আসবে বলেই আশা প্রশাসনের।