Weqwe 25 Copy Copy Copy Copy Copy Copy Copy Copy

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে শনিবার সকাল থেকে কলকাতা ও শহরতলির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর ভবানীপুরের বাসভবন ও দফতর-সহ মোট সাতটি স্থানে তল্লাশি চালানো হয়।

ইডি সূত্রের দাবি, কামারহাটি-সহ একাধিক পুরসভায় বেআইনি নিয়োগে মদন মিত্রের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখাই এই অভিযানের মূল উদ্দেশ্য। তদন্তকারীদের অভিযোগ, বিভিন্ন পদে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানো হয়েছিল। এর বিনিময়ে নগদ অর্থের পাশাপাশি সোনাদানাও ঘুষ হিসেবে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও তদন্তকারীদের ধারণা, এই অর্থ বা মূল্যবান সামগ্রী সরাসরি মদনের হাতে পৌঁছায়নি; মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেনদেন হয়েছে।

কেন্দ্রীয় সংস্থার দাবি, ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে এই চক্রের যোগসূত্র থাকতে পারে। সেই কারণেই কামারহাটি ছাড়াও দক্ষিণেশ্বর, বেলেঘাটা, জোকা ও বেহালার বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। দীর্ঘদিন ধরে কামারহাটির রাজনীতিতে প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত মদন মিত্র তাঁর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, স্কুল নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হওয়া ব্যবসায়ী অয়ন শীলের সূত্র ধরেই পুর নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। তাঁর দফতর থেকে উদ্ধার হওয়া নথি ও ওএমআর শিটের ভিত্তিতেই তদন্তের বিস্তার ঘটে। বর্তমানে সিবিআইয়ের পাশাপাশি ইডিও এই মামলার আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *