Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (6)

সরকার গঠনের মাত্র ৩৫ দিনের মধ্যেই একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি স্পষ্টভাবে তুলে ধরেন এবং সরকারের কাজের মূল্যায়নের জন্য আরও সময় দেওয়ার আবেদন জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য এবং পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বরাদ্দের হিসাব তুলে ধরেন। তিনি দাবি করেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ শুরু করায় রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন খাতে আর্থিক সুবিধা পেতে শুরু করেছে। মনরেগা প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং ভবিষ্যতে ‘জিরামজি’ নামে নতুন কর্মসংস্থান প্রকল্প চালুর কথাও উল্লেখ করেন তিনি।

সরকারের এক মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, অবৈধ অনুপ্রবেশ রোধে পদক্ষেপ এবং জনগণনার কাজ পুনরায় শুরু করাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি, দেশের অন্যান্য বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যগুলির মতো জনকল্যাণমূলক সুবিধা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেওয়াও সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এত অল্প সময়ে সরকারের পূর্ণ মূল্যায়ন সম্ভব নয়। তিনি জনগণের উপর সেই দায়িত্ব ছেড়ে দিয়ে আগামী অর্থবর্ষ শেষ হওয়ার পর, অর্থাৎ ২০২৭ সালের ৩১ মার্চের পরে সরকারের কাজ বিচার করার আহ্বান জানান। তাঁর দাবি, তখনই বোঝা যাবে এই সরকার শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, প্রশাসনিক ব্যবস্থারও পরিবর্তন এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *