InShot 20260305

শমিত সিনহা : কোলকাতা, সাড়ে ৩ বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন সি বি আনন্দ বোস।

বৃহস্পতিবার রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।লোকভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবন তাঁর পদত্যাগপত্রটি গ্রহণ করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। অনেকে মনে করছেন, নেপথ্যে থাকতে পারে কেন্দ্রীয় শাসকদল বিজেপির ‘চাপ’।আজ দিল্লিতে গিয়ে পদত্যাগ পত্র দেন তিনি। তবে বোস নিজে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী রাজ্যপালের দায়িত্ব পেলেন আরএন রবি। তিনি এখন ভোটমুখী তামিলনা়ড়ুর রাজ্যপাল।
অন্তর্বর্তিকালীন রাজ্যপাল পদে রবিকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। ভোটের আগে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা। ভোটের আগে প্রাক্তন কেন্দ্রীয় অফিসারকে রাজ্যপাল হিসাবে নিয়ে আসা একাধিক জল্পনা উসকে দিয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর ১৫তম এবং বর্তমান রাজ্যপাল। পূর্বে তিনি নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তামিলনাড়ুর ডিএমকে সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি বিতর্কে রয়েছেন। বিশেষ করে রাজ্যপাল হিসেবে প্রশাসনিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগ, বিল আটকে রাখা (যাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে) এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) বিল নিয়ে বিতর্কের জন্য পরিচিত তিনি।

এ দিকে নতুন রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রের তরফে তাঁর সঙ্গে কোনও আলোচনা
করা হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *