Polish 20261006

শমিত সিনহা :

২২৬ বছরেরও বেশি পুরনো এই পুজো শুধু সাবেকিয়ানার প্রতীক নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নীরব সাক্ষী। কলকাতার বুকে বনেদি বাড়ির পুজো মানেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাবুয়ানি, ধনসম্পদের জাঁকজমক এবং বিলাসবহুল উৎসবের ছবি। কিন্তু উত্তর কলকাতার ৭৮ নং নিমতলা ঘাট স্ট্রিটের হাটখোলা দত্ত বাড়ির পুজোর ইতিহাসটা একেবারেই অন্যরকম। একসময় এই বাড়ির ঠাকুরদালানে ভিড় করতেন স্বাধীনতা সংগ্রামীরা, এমনকি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবীও নিয়মিত এই পুজোয় অংশ নিতেন। বাবুয়ানির আড়ালে দেশপ্রেম এবং মাতৃ আরাধনার এমন অপূর্ব মেলবন্ধন কলকাতার বনেদি পুজোর ইতিহাসে সত্যিই বিরল।

১৭৯৪ সালে এই ঐতিহাসিক দুর্গাপুজোর সূচনা করেছিলেন জগৎরাম দত্ত। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাটনা শাখার দেওয়ান। ইতিহাস বলে, এই জগৎরাম দত্তের পূর্বপুরুষ গোবিন্দশরণ দত্তের নামেই একসময় কলকাতার ‘গোবিন্দপুর’ গ্রামের নামকরণ হয়েছিল। ৭৮ নং নিমতলা ঘাট স্ট্রিটে এই প্রাসাদোপম বাড়িটি তৈরি করার সময় জগৎরাম দত্ত দ্বারকা, পুরী, কাশী এবং হরিদ্বারের মতো পবিত্র তীর্থস্থান থেকে নৌকায় করে মাটি আনান। সেই পুণ্য তীর্থের মাটি দিয়েই তৈরি হয়েছিল এই বাড়ির বিশাল ঠাকুরদালান, যার পবিত্র উঠোনে আজও নিষ্ঠাভরে মাতৃ আরাধনা হয়।

হাটখোলা দত্ত বাড়ির প্রতিমার রূপ সত্যিই অভিনব। উল্টোরথের দিন কাঠামো পুজোর পর শ্রাবণ মাস থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয়। দেবী দুর্গার বাহন সিংহ এখানে সাধারণ সিংহের মতো নয়; এখানকার সিংহ হলো ঘোটকমুখী, অর্থাৎ সিংহের মুখটি সম্পূর্ণ ঘোড়ার মুখের মতো দেখতে হয়।

প্রতিমার সাজসজ্জাতেও রয়েছে এক কড়া প্রাচীন নিয়ম। এই পরিবারে দেবীকে বাইরের কোনো কাপড় পরানো হয় না বা ডাকের সাজেও সাজানো হয় না। প্রাচীন রীতি মেনে আজও দেবীর গায়ে সম্পূর্ণ মাটির তৈরি কাপড় পরানো হয় এবং রং-তুলি দিয়ে মূর্তির গায়েনিখুঁতভাবে সেই পোশাক এঁকে দেওয়া হয়। সাবেক বাংলা রীতির প্রতিমার চালচিত্রটি হলো ‘মঠচৌড়ি’ শৈলীর বা তিন চালি, যেখানে মাটির অলঙ্করণে কৃষ্ণলীলা ও চণ্ডীর কাহিনি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়।

দত্ত পরিবার হলেন ‘কুলশ্রেষ্ঠ কায়স্থ’। কায়স্থ হওয়ার কারণে আগে বাড়ির লোক পুজোয় সরাসরি অংশ নিতেন না, কুলগুরু এবং ব্রাহ্মণরাই সমস্ত কাজ করতেন। পুজোর সময় বারোজন স্মৃতিতীর্থ পণ্ডিত টানা দুর্গা ও চণ্ডী নাম জপ করতেন। কুলশ্রেষ্ঠ কায়স্থদের এই পুজোয় পশুবলি বা অন্নভোগ (ভাত) সম্পূর্ণ নিষিদ্ধ।

অষ্টমীর সন্ধিপুজোয় এখানে ক্ষীরের পুতুল বলি দেওয়া হয়, যা আবার সাধারণের চোখের আড়ালে রাখার জন্য কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। মায়ের ভোগে থাকে সম্পূর্ণ গাওয়া ঘিয়ে ভাজা নানা ধরনের জিভে জল আনা মিষ্টি— জিলিপি, নিমকি, খাজা, দরবেশ, মতিচুর, পোলাও মিষ্টি, পোস্ত দিয়ে বানানো গজা এবং আলুছাড়া সিঙাড়া। বাড়ির সদস্যরা নবমীতে দক্ষিণান্ত হওয়ার পরেই প্রথমবার অঞ্জলি দেওয়ার সুযোগ পান।

এই বাড়ির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এখানকার সিঁদুরের প্রথা। দত্ত বাড়িতে দশমীর দিন বা অন্য কোনো সময় সাধারণ উৎসবের মতো সিঁদুর খেলা হয় না। এখানকার নিয়ম সম্পূর্ণ আলাদা এবং ভক্তিপূর্ণ। মহাষ্টমীর দিন সন্ধিপুজো শেষ হওয়ার পর বাড়ির সধবা মহিলারা মায়ের পায়ে সিঁদুর ঠেকিয়ে একে অপরকে সেই সিঁদুর অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ছুঁইয়ে দেন।

স্বদেশি যুগে দত্ত বাড়ির সদস্যরা দেবী দুর্গাকে ‘দেশমাতৃকা’ রূপে পুজো করতেন, যা আজও তাঁদের বিসর্জনের প্রথায় উজ্জ্বল হয়ে আছে। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের প্রথাটি এই বাড়ির দেশপ্রেমের সবচেয়ে বড় প্রমাণ। গঙ্গায় প্রতিমা বিসর্জনের পর এই বাড়ির ছেলেরা সমবেত কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ‘বঙ্গ আমার জননী আমার’ গাইতে গাইতে গঙ্গার ঘাট থেকে ফিরে আসেন। এরপর শূন্য ঠাকুরদালানের সামনে দাঁড়িয়ে পুনরায় গানটি গেয়ে সকলে একে অপরকে আলিঙ্গন করেন এবং শান্তির জল গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *