তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল গুদামের নকশা অনুমোদনের বিষয়টি। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গুদামের ত্রুটিপূর্ণ নকশায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। প্রকাশ্যে আসা একটি সরকারি নথি অনুযায়ী, গত বছরের ২০ নভেম্বর মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির বৈঠকে গুদামের নকশা খতিয়ে দেখে কিছু সংশোধনের শর্তে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। বৈঠকের নথিতে উল্লেখ ছিল যে, নির্মাণবিধি সরাসরি লঙ্ঘন হয়নি এবং চূড়ান্ত অনুমোদনের জন্য মেয়র বা বিল্ডিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদের স্বাক্ষর আবশ্যক।
এই নথিতে ফিরহাদ হাকিমের স্বাক্ষর থাকার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক চাপ বাড়তে শুরু করেছে। যদিও ফিরহাদ দাবি করেছেন, তিনি প্রযুক্তিগত বিশেষজ্ঞ নন এবং বিল্ডিং কমিটির সুপারিশের ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছিলেন। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, চূড়ান্ত অনুমোদনে স্বাক্ষরকারী হিসেবে তাঁর দায় এড়ানোর সুযোগ রয়েছে কি না।
এদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং কোনও অনিয়ম আড়াল করা হবে না। তাঁর অভিযোগের পর প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। একাংশের দাবি, ঘটনায় দায় নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হোক।
অন্যদিকে, তারাতলা গুদাম ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। আহতদের একাংশ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণে তদন্ত এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।