পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। সূত্রের খবর, চলতি বিধানসভা অধিবেশনেই ইউসিসি সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। আগামী সোমবার বিধানসভায় এই বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে জনসভা থেকে ইউসিসি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই প্রতিশ্রুতি বিজেপির নির্বাচনী সংকল্পপত্রেও অন্তর্ভুক্ত ছিল। সরকার গঠনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার। বিজেপির দাবি, নাগরিকদের জন্য সমতা ও আইনি স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
অভিন্ন দেওয়ানি বিধির মূল উদ্দেশ্য হল বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত আইন সংক্রান্ত ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একক আইন প্রয়োগ করা। সমর্থকদের মতে, এর ফলে আইনের চোখে সকল নাগরিক সমান মর্যাদা পাবেন এবং বিচারপ্রক্রিয়ায় বৈষম্য কমবে।
ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট ও অসমে ইউসিসি কার্যকর হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পশ্চিমবঙ্গেও আইনটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিরোধীদের তরফে তীব্র আপত্তি ওঠার সম্ভাবনাও রয়েছে।
বিধানসভায় বিল পেশ হওয়ার পর তা নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনটি পাশ হলে পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা রাজ্যগুলির তালিকায় নতুন সংযোজন হবে।