বাড়িতে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজনৈতিক মহলের বিভিন্ন শিবির থেকে উদ্বেগ ও শুভেচ্ছার বার্তা পৌঁছেছে। এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন দ্রুত আরোগ্য কামনা করে তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর চোট পান অশোক ভট্টাচার্য। এরপর তাঁকে দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করেন। সিটি স্ক্যান-সহ প্রয়োজনীয় সব স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে বড় কোনও জটিলতার ইঙ্গিত মেলেনি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তবে বয়সজনিত কারণে চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
রবিবার সকালে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে অশোক ভট্টাচার্যের স্বাস্থ্যের বিস্তারিত খোঁজ নেন। পরে তিনি জানান, প্রবীণ নেতার অবস্থা এখন স্থিতিশীল এবং আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে। রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন দলের নেতাদের এই খোঁজখবর ও শুভেচ্ছা বার্তা রাজ্যের রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা দিয়েছে।