মেয়র কৃষ্ণা চক্রবর্তীর ইস্তফার পর বিধাননগর পুরনিগমে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের বিজ্ঞপ্তিতে বর্তমান কমিশনার রবি আগরওয়ালকে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এখন থেকে মেয়র ও বোর্ডের সমস্ত প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন। নির্দেশিকা অনুযায়ী, এই দায়িত্ব সর্বোচ্চ ছয় মাস বা নতুন নির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব না নেওয়া পর্যন্ত বহাল থাকবে।
কাউন্সিলরদের অনুপস্থিতি ও নাগরিক পরিষেবায় বিঘ্ন নিয়ে আগেই অভিযোগ উঠেছিল, যা প্রশাসনিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।অন্যদিকে হাওড়া পুরসভায় নতুন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার তেজভী রানাকে। তিনি এর আগে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে নির্বাচিত বোর্ড ছাড়াই প্রশাসকের অধীনে চলা হাওড়া পুরসভায় এই নিয়োগকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।রাজ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষে হাওড়া পুরসভায় নির্বাচন হতে পারে। নতুন নির্দেশিকা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। প্রশাসন জানিয়েছে, নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোই এই রদবদলের মূল লক্ষ্য।
দুই পুরনিগমেই প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়িয়ে জল, স্যানিটেশন ও নাগরিক সুবিধা সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে।