দলের অভ্যন্তরীণ বিদ্রোহ ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক কমিটি, শাখা সংগঠন এবং সহযোগী সংগঠনের বর্তমান কমিটি অবিলম্বে ভেঙে দেওয়া হচ্ছে। এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
দলের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সংগঠনের কার্যকারিতা, নেতৃত্বের ভূমিকা এবং সামগ্রিক সাংগঠনিক অবস্থার মূল্যায়নের জন্য একটি বিস্তৃত পর্যালোচনা প্রক্রিয়া শুরু করা হবে। সেই পর্যালোচনার ভিত্তিতেই ভবিষ্যতে নতুন সাংগঠনিক কাঠামো গঠন এবং বিভিন্ন স্তরে নতুন কমিটি ঘোষণা করা হবে।
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে দলের অভ্যন্তরে তৈরি হওয়া বড়সড় বিদ্রোহ। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দেন একদল বিদ্রোহী বিধায়ক। ওই চিঠিতে ঋতব্রত ছাড়াও মোট ৫৮ জন বিধায়কের স্বাক্ষর ছিল বলে জানা গিয়েছে। একই সঙ্গে উপ-দলনেতা হিসেবে শিউলি সাহা, জাভেদ খান এবং সন্দীপন সাহার নামও প্রস্তাব করা হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের নির্বাচিত বিধায়কদের বড় অংশ বিদ্রোহী শিবিরের পাশে দাঁড়ানোয় দলের মধ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সংগঠনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এখন নজর নতুন কমিটি গঠন এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখার দিকে।