Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (6)

দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা তাঁদের ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি বিষয়টি জানিয়ে বিধানসভার স্পিকারের কাছেও চিঠি পাঠিয়েছে তৃণমূল।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক বিষয়ে দলের অবস্থানের বিরুদ্ধে সরব ছিলেন ঋতব্রত ও সন্দীপন। বিশেষ করে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত বিতর্কে তাঁরা প্রকাশ্যে দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এরপরই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব।

তবে বহিষ্কারের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, তাঁদের বিধায়ক পদ আদৌ থাকবে কি না। সংবিধানের দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী, কোনও বিধায়ক স্বেচ্ছায় দল ছাড়লে, অন্য দলে যোগ দিলে বা দলের হুইপ অমান্য করলে তাঁর সদস্যপদ খারিজ হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঋতব্রত বা সন্দীপনের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই।

তাঁরা নিজেরা দলত্যাগ করেননি, অন্য কোনও রাজনৈতিক দলে যোগও দেননি। পাশাপাশি বিধানসভায় দলের হুইপ অমান্যের কোনও ঘটনাও ঘটেনি। ফলে শুধুমাত্র দল থেকে বহিষ্কৃত হওয়ার কারণে তাঁদের বিধায়ক পদ বাতিল হওয়ার সম্ভাবনা আইনত সীমিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তবে তৃণমূল স্পিকারের কাছে তাঁদের অবস্থান নিয়ে আপত্তি জানাতে পারে। স্পিকার যদি তাঁদের আর তৃণমূলের বিধায়ক হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে বিধানসভায় তাঁরা আর তৃণমূল পরিষদীয় দলের সদস্য হিসেবে বসতে পারবেন না। এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই রয়েছে। এখন সেই সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *