তৃণমূল কর্মীদের গ্রেফতারি ও হেনস্থার প্রতিবাদে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে থানার সামনে কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান সাংসদ। পরে মাথার ক্ষতস্থানে রুমাল চেপে থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন তিনি।
কল্যাণের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে আক্রমণ করা হয়েছে এবং পুলিশ ঘটনার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাঁর দাবি, থানার সামনে বিক্ষোভ চলাকালীন কিছু ব্যক্তি কালো পতাকা দেখান এবং ‘চোর চোর’ স্লোগান তোলেন। এরপরই দূর থেকে ছোড়া একটি ঢিল তাঁর মাথায় এসে লাগে। ঘটনার পর তিনি সাধারণ মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান।
সাংসদ সরাসরি বিজেপি নেতৃত্ব ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় থানার আইসির ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি। তাঁর দাবি, পুলিশ যথাযথ নিরাপত্তা দিলে এই ঘটনা এড়ানো যেত।
অন্যদিকে, হুগলি গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও মারপিটের ঘটনা ঘটেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সেই আবহেই চণ্ডীতলার এই ঘটনা নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।