দীর্ঘদিন ধরে দমদম স্টেশন চত্বরে গড়ে ওঠা অবৈধ হকারি ব্যবসার বিরুদ্ধে এবার বড়সড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, অতীতে একাধিকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা সফল হয়নি। রেল আধিকারিকদের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিক সংগঠনের মদতে বহু হকার স্টেশন সংলগ্ন এলাকায় বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সেই কারণেই উচ্ছেদ অভিযান কার্যকর করা সম্ভব হয়নি।
সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের মাত্র তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির বদল দেখা গেল। রেল সূত্রে খবর, বেশ কিছুদিন আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিস দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ থাকলেও অনেকেই তা মানেননি। এরপরই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় রেল প্রশাসন।
শনিবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী, রেল সুরক্ষা বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় উচ্ছেদ অভিযান। সঙ্গে আনা হয় একাধিক বুলডোজার। দমদম স্টেশনের আশপাশে গড়ে ওঠা একের পর এক অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। অভিযানের সময় এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, স্টেশন চত্বরে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত হয়। অবৈধ দখলদারির কারণে যাত্রীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও বাড়ছিল। সেই কারণেই এই অভিযান প্রয়োজন ছিল।
অন্যদিকে, হকারদের একাংশের দাবি, বহু বছর ধরে ওই ব্যবসার উপর নির্ভর করেই তাঁদের সংসার চলত। রাতারাতি দোকান ভেঙে দেওয়ায় জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁরা। উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।