সই জালিয়াতি মামলার তদন্তে নতুন মোড়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই দু’দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। পাশাপাশি একাধিক বিধায়ক ও দলের নেতাকেও তদন্তের স্বার্থে প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, ওই জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও বয়ানের মধ্যে বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছে।
এই পরিস্থিতিতে সোমবার দুপুরে সিআইডির একটি দল বিধানসভায় পৌঁছয়। তদন্তকারীদের মূল লক্ষ্য ছিল স্পিকারের সচিবালয়ে সংরক্ষিত রেজোলিউশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য সংগ্রহ করা। দীর্ঘদিন ধরেই এই নথির খোঁজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এর আগে সংশ্লিষ্ট নথি উদ্ধারের আশায় তৃণমূলের দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছিল। তবে সেখান থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য হাতে না আসায় তদন্তের গতি বাড়াতে এবার বিধানসভার দ্বারস্থ হয়েছে সিআইডি।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, রেজোলিউশনের কপি কোথায় রয়েছে, তা জানতে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলেও তিনি স্পষ্ট কোনও উত্তর দেননি। একইসঙ্গে বিভিন্ন অভিযুক্ত ও সাক্ষীদের কাছেও ঘুরিয়ে-ফিরিয়ে একাধিকবার একই ধরনের প্রশ্ন করা হচ্ছে বলে খবর।
এদিকে তৃণমূলের একাংশের দাবি, তদন্তে অযথা জটিলতা তৈরি করা হচ্ছে। তাঁদের মতে, যাঁদের সই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাঁদের সরাসরি জিজ্ঞাসা করলেই বিষয়টি অনেক দ্রুত পরিষ্কার হতে পারে। তবে তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে বদ্ধপরিকর বলেই জানা যাচ্ছে। বর্তমানে রাজনৈতিক মহলেও এই তদন্ত ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।