আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা নিয়ে বিতর্কের মাঝেই কলকাতা হাই কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোনও সরকারি কর্মীর জন্য বাধ্যতামূলক নয়। কেউ অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা বা কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে না।
প্রসঙ্গত, গত ১৪ জুন নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে সমস্ত সরকারি কর্মীকে উপস্থিত থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর, সরকারি আবাসন, রেড রোড বা নির্ধারিত মেলা প্রাঙ্গণে কর্মীদের যোগদান করতে বলা হয়। শুধু স্থায়ী কর্মচারী নয়, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড এবং সাম্মানিকভিত্তিক কর্মীদেরও অনুষ্ঠানে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।
এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল, কোনও কর্মসূচিতে যোগদানকে বাধ্যতামূলক করা ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী। আদালতের নির্দেশের পর রাজ্য সরকার জানায়, বিজ্ঞপ্তির উদ্দেশ্য ছিল যোগব্যায়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, কাউকে জোরপূর্বক অংশগ্রহণ করানো নয়।
রাজ্যের এই ব্যাখ্যার পর আপাতত বিতর্ক কিছুটা প্রশমিত হলেও বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানে কত সংখ্যক কর্মী অংশ নেন, সেদিকেই এখন নজর থাকবে।