Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy C (4)

পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, শীঘ্রই দিল্লি থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র ছয় ঘণ্টায় রাজধানী দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছানো সম্ভব হবে বলে দাবি করা হয়েছে।

রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বুলেট ট্রেনটি দিল্লি, লখনউ, বেনারস ও পাটনা হয়ে উত্তরবঙ্গের শিলিগুড়িতে পৌঁছবে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গে আরও ৬০টি নতুন ট্রেন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

নবান্নে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে রেলের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রেলমন্ত্রী দাবি করেন, অতীতে বিভিন্ন রেল প্রকল্প প্রশাসনিক জটিলতার কারণে আটকে ছিল। তবে বর্তমানে সেই বাধা কাটিয়ে দ্রুত গতিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, গত ১২ বছরে কলকাতা মেট্রোর উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে। পাশাপাশি বন্দে ভারত, বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেন পরিষেবার প্রসঙ্গও তুলে ধরেন। রাজ্যের ১০২টি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে, যার মধ্যে কয়েকটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে রাজ্যের প্রতিটি জেলা রেল মানচিত্রে আরও শক্তভাবে যুক্ত হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রায় এক লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *