গঙ্গা ও গঙ্গার ঘাটগুলিকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে বুধবার সকালে কলকাতার বাগবাজার ঘাটে বিশেষ স্বচ্ছতা অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। রাজ্যজুড়ে শুরু হওয়া পাঁচ দিনের স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবেই এদিনের উদ্যোগ গ্রহণ করা হয়।
বাগবাজার ঘাটে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে বৃক্ষরোপণ করেন। এরপর ঘাট সংলগ্ন মন্দিরে গিয়ে বিগ্রহে মাল্যদান ও পুজো অর্চনা করেন। পরে গঙ্গার ঘাটের বিভিন্ন অংশ ঘুরে পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার খোঁজখবর নেন। পরিদর্শনের পর ঝাঁটা হাতে নিয়ে নিজেই ঘাট পরিষ্কারের কাজে অংশ নেন। তাঁর দেখাদেখি মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও তাপস রায়ও পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন।
মুখ্যমন্ত্রী জানান, শুধু উন্নয়ন নয়, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাও সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, “পুরো কলকাতা এবং রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।” গঙ্গার জল ও নদীতীরকে দূষণমুক্ত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি জানান, ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ শুরু হয়েছে এবং আগামী দিনে তা আরও বিস্তৃত করা হবে।
সরকারের লক্ষ্য, গঙ্গা ও তার ঘাটগুলিকে আবর্জনামুক্ত রেখে জনসচেতনতা বৃদ্ধি করা। সেই উদ্দেশ্যেই বছরজুড়ে বিভিন্ন এলাকায় এমন স্বচ্ছতা অভিযান চালানো হবে। বাগবাজার ঘাট থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীর কাছে পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তাও পৌঁছে দিল সরকার।