Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (5)

রাজ্যে নারীপাচার ও নাবালিকা বিবাহের মতো সামাজিক সমস্যার মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ির উত্তরকন্যায় দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, নারীপাচার রোধে পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে।

মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় কম বয়সে বিয়ের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ফলে বহু নাবালিকা অল্প বয়সেই মাতৃত্বের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে মহিলাদের পাচারের ঘটনাও সামনে আসছে। এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। বিশেষ করে সীমান্তবর্তী সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত প্রচার অভিযান চালানোর উপর জোর দেওয়া হয়েছে। অভিভাবকদেরও আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈঠকে নগর পরিচ্ছন্নতা নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অগ্নিমিত্রা পাল জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তা বা জনসমক্ষে যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু ফেলা কিংবা পানের পিক ফেললে জরিমানা করা হবে। এছাড়া নির্দিষ্ট পার্কিং জোনের বাইরে গাড়ি পার্ক করলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বর্ষার আগে নিকাশি ব্যবস্থা উন্নত করা এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রশাসনকে আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। ভোট-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় থাকা ব্যানার, পোস্টার ও হোর্ডিং দ্রুত সরানোর নির্দেশও দিয়েছেন মন্ত্রী। বেআইনি হোর্ডিংয়ের পরিবর্তে ডিজিটাল বিজ্ঞাপন ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিন রাজনৈতিক মন্তব্যও করেন অগ্নিমিত্রা। কলকাতা পুরনিগমের মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, বর্ষার আগে এমন সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বহন করে। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *