দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির প্রস্তাব মেনে দিঘার মন্দির কমপ্লেক্সের নতুন নাম রাখা হচ্ছে ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’।
মুখ্যমন্ত্রী জানান, পুরীর সাংসদ সম্বিত পাত্র ওড়িশার মুখ্যমন্ত্রীর দূত হিসেবে তাঁর কাছে একটি চিঠি নিয়ে আসেন। সেই চিঠিতে দিঘার মন্দিরের সঙ্গে ‘ধাম’ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করার পর সরকার সিদ্ধান্ত নেয়, মন্দির কমপ্লেক্স থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়া হবে।
শুভেন্দু অধিকারী বলেন, সনাতন ধর্মের পরম্পরায় ‘ধাম’ শব্দের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মন্দিরে সমস্ত পুজো-পার্বণ শাস্ত্রসম্মত নিয়ম মেনেই পরিচালিত হবে এবং খুব শীঘ্রই ট্রাস্ট পরিচালনা ও অন্যান্য বিষয়ও প্রকাশ্যে জানানো হবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধারমণ দাস। তাঁর মতে, নতুন নামকরণ বিতর্কের অবসান ঘটাবে এবং ভক্তদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই ‘জগন্নাথ ধাম’ নামকরণ নিয়ে ওড়িশা এবং বাংলার বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছিল। অনেকের দাবি ছিল, সনাতন ঐতিহ্য অনুসারে ‘জগন্নাথ ধাম’ নামটি একমাত্র পুরীর সঙ্গেই যুক্ত। সেই বিতর্কের প্রেক্ষিতেই এবার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল।
রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ দুই রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতাকে গুরুত্ব দেওয়ারই প্রতিফলন।