Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (4)

ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের ইঙ্গিত মিলল কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে। ঘাটালের সাংসদ দেব (দীপক অধিকারী)-র অনুরোধের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত প্রশাসনিক বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিজেপি ও তৃণমূল—উভয় দলের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘাটালের সাংসদ দেব এবং মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াও সেখানে যোগ দেন।

সূত্রের খবর, বৈঠকে দেব ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেন। তিনি এলাকার দীর্ঘদিনের জলযন্ত্রণার সমাধানে প্রকল্পটি দ্রুত কার্যকর করার আবেদন জানান। জবাবে মুখ্যমন্ত্রী জানান, সরকার উন্নয়নের স্বার্থে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী রাজনীতি একদিকে থাকলেও উন্নয়নের ক্ষেত্রে সকলের সমন্বয় প্রয়োজন। তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যান সরকারও বাস্তবায়ন করতে চায় এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে দেব বলেন, ঘাটালবাসীর কাছে তিনি এই প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কারণেই প্রশাসনিক বৈঠকে বিষয়টি তুলে ধরেন। তিনি আরও জানান, আগামী বাজেটে প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দের বিষয়ে ইতিবাচক বার্তা পেয়েছেন। এলাকার স্বার্থে তিনি বরাবরই সৌজন্য ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন।

এদিনের বৈঠকে বর্ষাকালীন প্রস্তুতি, প্রশাসন-পুলিশ-জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নের স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করাই সরকারের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *