Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (7)

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে বড়সড় বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। কলকাতার নলবনে আয়োজিত ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যজুড়ে এক কোটি ১০ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবারই ছ’লক্ষ গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়। মূলত ফলের গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে পরিবেশের পাশাপাশি মানুষের উপকারও হয়।

এই উদ্যোগকে সফল করতে স্কুল, কলেজ, পার্কসহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হচ্ছে। পাশাপাশি ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পাঠ্যক্রমে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বিষয় আরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। সরকার চাইছে, শিক্ষার্থীরা ছোট থেকেই প্রকৃতির প্রতি দায়িত্বশীল হয়ে উঠুক।

শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে নতুন ‘স্বচ্ছতা অ্যাপ’-এর কথাও উল্লেখ করা হয়। এই অ্যাপের মাধ্যমে কোথাও নোংরা জমে থাকলে অভিযোগ জানালেই দুই ঘণ্টার মধ্যে পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে, যা আপাতত কয়েকটি শহরে চালু রয়েছে এবং ধাপে ধাপে রাজ্যের সব পুরসভায় চালু করার লক্ষ্য রয়েছে।

এছাড়া বিভিন্ন ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্রের সৌন্দর্যায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠসহ একাধিক মন্দির চত্বর এবং দার্জিলিংয়ের টাইগার হিল ও সমুদ্রতট উন্নয়নের কথা বলা হয়েছে। বনাঞ্চল সংরক্ষণ, অবাধ গাছ কাটা রোধ এবং জঙ্গলমহলের পরিবেশ রক্ষায় বিশেষ নজর দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

গ্রামীণ এলাকায় এখনও যারা কয়লা ও কাঠ জ্বালিয়ে রান্না করেন, তাদের জন্য বৈদ্যুতিক চুল্লি ব্যবস্থা করার উদ্যোগের কথাও উঠে আসে, যাতে দূষণ কমানো যায় এবং পরিবেশ সুরক্ষিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *