886794768 4589833851288938 4087494783696087769 n

শমিত সিনহা :

পশ্চিম মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় গেলে আজও এক প্রাচীন ইতিহাসের সাক্ষী হওয়া যায়। এখানকার ‘লচি পোদ্দার কালীবাড়ি’-র পুজো শহরের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে অন্যতম। প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো এই পুজোর প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে রোমাঞ্চকর লোকগাথা এবং নিজস্ব কিছু অনন্য রীতিনীতি।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, দেবীর নাম ‘লচি পোদ্দার’ কেন?, আসলে এই পুজোর সূচনা করেছিলেন লক্ষ্মীনারায়ণ দে। তাঁর বিশাল ধানের গোলার কারবার থাকার কারণে তৎকালীন সমাজ তাঁকে ‘পোদ্দার’ উপাধি দিয়েছিল। আর লক্ষ্মীনারায়ণের ‘লক্ষ্মী’ নাম থেকে লোকমুখে ‘লছমি’ এবং লছমি থেকে ধীরে ধীরে নামটি হয়ে দাঁড়ায় ‘লচি’। সেই থেকেই লক্ষ্মীনারায়ণ পোদ্দারের প্রতিষ্ঠিত এই মায়ের মন্দির ‘লচি পোদ্দার কালীবাড়ি’ নামেই পরিচিতি পায়।

এই পুজো শুরুর পেছনে রয়েছে এক গায়ে কাঁটা দেওয়া অলৌকিক ঘটনা। কথিত আছে, লক্ষ্মীনারায়ণ দে একদিন স্বপ্নাদেশ পান মায়ের পুজো শুরু করার জন্য। স্বপ্নাদেশের কয়েকদিন পর, এক গভীর মধ্যরাতে তিনি হঠাৎ তাঁর বাড়ির ভেতরে এক মহিলার হেঁটে চলার স্পষ্ট আওয়াজ এবং নূপুরের রিনঝিন শব্দ শুনতে পান!
স্বপ্নাদেশে বলা হয়েছিল, নূপুরের শব্দ যেখানে গিয়ে বন্ধ হবে, ঠিক সেই জায়গাতেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেই হবিবপুরে প্রতিষ্ঠিত হয় এই মন্দির।

পুজোর নিয়মকানুন এখানে বেশ অবাক করার মতো। প্রথা অনুযায়ী আজও এখানে মায়ের উদ্দেশ্যে ১০৮ কেজি চাল উৎসর্গ করা হয় (যা একটি অবিবাহিতা মেয়ের সারা বছরের আহারের সমতুল্য)। ১৯৩৫ সাল থেকে এই মন্দিরে পশুবলি সম্পূর্ণ নিষিদ্ধ। তার বদলে চালকুমড়ো, তরমুজ এবং আখ দিয়ে প্রতীকী বলিদান করা হয়।

সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, পুজোর সময় মন্দিরের কোনো বৈদ্যুতিক আলো জ্বালানো হয় না! কেবল প্রদীপ, মোমবাতি আর সাবেক আমলের ঝাড়বাতির স্নিগ্ধ আলোতেই মাতৃ আরাধনা সম্পন্ন হয়। পুজোর সময় পরিবারের পুরুষরা লাল পাড় সাদা ধুতি ও গায়ে লাল চাদর (যাকে স্থানীয়রা ‘পাল্লা’ বলেন) পরেন, আর মহিলারা পরেন লাল বা সবুজ পেড়ে শাড়ি।

লচি পোদ্দার বাড়ির বিসর্জনের প্রথা গোটা মেদিনীপুর শহরের এক বিশাল সাংস্কৃতিক উৎসব। বিসর্জনের দিন সকাল ১১টা নাগাদ মন্দির চত্বরে বসে প্রাচীন ‘কবিগানের আসর’। বাইরের কবিয়ালরা এসে মায়ের স্তবগান এবং সমাজ-সংস্কৃতির নানা দিক নিয়ে চাপানউতোরে মেতে ওঠেন।

বিকেলে শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। প্রাচীন রীতি মেনে মায়ের প্রতিমা তোলা হয় একটি গোরুর গাড়িতে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই গাড়িতে কোনো গোরু জোড়া হয় না! পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা মিলে ভক্তিভরে সেই গোরুর গাড়ি টেনে নিয়ে যান কংসাবতী নদীর ঘাট পর্যন্ত। মশালের আলো আর আতশবাজির রোশনাইতে মেদিনীপুর শহরের বুক চিরে এগিয়ে চলে এই প্রাচীন বিসর্জনের শোভাযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *