Polish 20261015

শমিত সিনহা : পাথুরিয়া ঘাটা রাজবাড়ী – খেলাৎ ভবন*

দর্জিপাড়া মিত্র বাড়ির পর যে কয়েকটি  বনেদি বাড়ি ছাড়া কোলকাতার বনেদি বাড়ির পূজা পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায়, তার অন্যতম হলো, পাথুরিয়াঘাটা রাজবাড়ী বা খেলাৎ ভবন। যেখানে রয়েছে  ইতিহাস, আধ্যাত্মিকতা ও সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন। যা আপনাদের অনেকেরই জানা। তবুও যখন বনেদি বাড়ির পুজো নিয়ে প্রতিবেদন লিখতে বসেছি, তখন  সেখানকার ইতিবৃত্ত জানানোটা আবশ্যিক কর্তব্যের মধ্যে পরে বৈকি।

স্বল্পকথায় বলতে গেলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের  পদধূলিপ্রাপ্ত ও  আশীর্বাদধন্য এই খেলাৎ ভবনে একসময় গৃহশিক্ষকতা করতেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। পরে তিনি এই জমিদারির এস্টেট ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন। কথিত আছে ভাগলপুরে কর্মরত থাকা অবস্থায় তিনি আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন। 

পরবর্তীতে মহাত্মা গান্ধী, ড. রাজেন্দ্র প্রসাদ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো মহান ব্যক্তিত্বরাও এখানে এসেছেন। পণ্ডিত অজয় চক্রবর্তী মহাশয়ের মতো অনেক প্রথিতযশা সঙ্গীতশিল্পীদের আগমন ঘটেছে এই পাথুরিয়াঘাটা রাজবাড়ীতে। 

১৮৪৪-১৮৪৬ সালে তৈরি এই প্রাসাদোপম ভবনটির প্রতিষ্ঠাতা দানবীর ও শিল্পানুরাগী বাবু খেলাৎ চন্দ্র ঘোষ মহাশয়। ওনার পিতামহ স্বর্গত  শ্রী রামলোচন ঘোষ মহাশয় ছিলেন ওয়ারেন হেস্টিংস এর কার্যালয়ের একজন বিশ্বস্ত কর্মচারী, যিনি সর্বপ্রথম পাথুরিয়াঘাটা স্ট্রিটে এসে বসবাস করা শুরু করেন।

‘মার্টিন অ্যান্ড বার্ন’-এর নকশায় তৈরি ৫৫টি ঘরের এই রাজপ্রাসাদে পা দিলেই চোখে পড়বে করিন্থিয়ান স্তম্ভ, বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি এবং ঐতিহ্যবাহী বিশাল ঠাকুরদালান। যেখানকার সিংহদরজা দিয়ে প্রবেশ করা মাত্র আপনি উপস্থিত হবেন এই শহরের মধ্যে থাকা, এক স্বপনময় রাজবাড়ীতে। যার গল্প শুনেছি আমরা ছোটোবেলার রূপকথায়। শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লিখিত আছে, স্বয়ং ঠাকুর প্রথমবার চন্দ্রালোকিত রাত্রে এখানে এসে ভাববিমোহিত হয়ে পড়েছিলেন।

১৮৫৫ সাল থেকে আজও সমান নিষ্ঠা ও ঐতিহ্য মেনে খেলাৎ ভবনে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজাও সমান জনপ্রিয়। মায়ের প্রতিমা এখানে সাবেকি একচালার। পিছনে চালচিত্র মঠচৌরী ধারায় তৈরি। প্রতিমার পিছনে তিনটি মঠের বা মন্দিরের আকৃতির তিনটি সুউচ্চ চূড়ার মতন গঠনশৈলী থাকে যার মধ্যে মাঝেরটি আকৃতিতে একটু বড় হয়। মায়ের সিংহের মুখটি ঘোটকাকৃতির। মা লক্ষ্মী  ও সরস্বতী পূজিতা হন কমলকামিনী রূপে। এখানে কোনো বাহন থাকেনা।   
এখানকার পূজার কিছু বিশেষত্ব হলোঃ

 নবপত্রিকা স্নান বাড়ির নাটমন্দিরের পাশ্ববর্তী বেলতলায় হয়ে থাকে, নদীতে হওয়ার পরিবর্তে।
 এখানে অষ্টমী ছাড়াও প্রতিপদে কুমারী পুজো হয়ে থাকে।
 এখানে প্রতীকী বলিদান হিসেবে চিনির মঠ দিয়ে তৈরি রক্তচন্দন ছোঁয়ানো একটি পুতুল কে ব্যবহার করা হয়। যা একসময় বেনারস থেকে আসতো।
 ডাকের সাজের সাথে মায়ের গহনা গুলি বিশুদ্ধ রূপোর গহনা।
 মায়ের সিংহাসন ও পূজার থালাবাসন সবই জরূপোর তৈরি।
 এখানে কিন্তু ভোগ হিসেবে অন্নভোগ দেওয়ার রীতি নেই।
 চন্দন ক্ষীর ভোগ বা চন্দনা ক্ষীর হলো একটি ঐতিহ্যবাহী, রাজকীয় এবং জাফরানের সুগন্ধযুক্ত দুগ্ধজাত মিষ্টান্ন,যা মূলত বিভিন্ন উৎসব, পূজা-পার্বণ এবং বিশেষ করে শ্রীকৃষ্ণ বা রাধাকৃষ্ণের মন্দিরে (যেমন জন্মাষ্টমী বা চন্দন যাত্রা উৎসবে) ক্ষীর ভোগ হিসেবে নিবেদন করা হয়।এবাড়ির কুলদেবতা স্বয়ং মধুসূদন  কাজেই বৈষ্ণব মতে এখানে মায়ের ভোগ হিসেবে এই মিষ্টি বিশেষ করে পরিবেশিত হয়। 
 বিসর্জনের সময় সাতবার তোপোধ্বনি করবার রীতি আজও প্রচলিত আছে।

সুদূর ১৮৫৫ সাল থেকে আজও পূজার এই ঐতিহ্য গুলি অক্ষুণ্ণ আছে।

উত্তর কলকাতার পাথুরিয়াঘাটার ৪৭ নম্বর স্ট্রিটে অবস্থিত ‘খেলাৎ ভবন’ কেবল একটি ইমারত নয়, এটি উনিশ শতকের সমৃদ্ধ বাংলা ও আভিজাত্যের এক জীবন্ত ইতিহাস। ১৮৪৪ থেকে ১৮৪৬ সালের মধ্যে দানবীর ও শিল্পানুরাগী বাবু খেলাৎ চন্দ্র ঘোষ কর্তৃক নির্মিত এই গ্রেড-১ হেরিটেজ ভবনটি তার স্থাপত্য, আধ্যাত্মিক সংযোগ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য তিলোত্তমার অন্যতম প্রধান আকর্ষণ।

১৯০৯ সালে টালাট্যাংক নির্মাণের সময় এই পরিবারই চার একর জমি দান করেছিলেন।

বর্তমানে এই ঐতিহাসিক ভবনের দায়িত্বে আছে একটি সুযোগ্য ট্রাস্টিবোর্ড, যাঁরা এই রাজবাড়ীর রক্ষণাবেক্ষণ ও ঐতিহ্যবহন করে চলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *