শমিত সিনহা :
মুর্শিদাবাদের_গোকর্ণের_রায়চৌধুরী_পরিবারের_দেবী_সিংহবাহিনী
🌼বহরপুর থেকে কান্দী যাবার সড়কের উপরেই গোকর্ণ। রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই গ্রামটিকে দুহাজার বছরের পুরানো গ্রাম বলেছেন। সম্ভবত সপ্তম শতাব্দীতে সপ্ত যোজন দীর্ঘ গোকর্ণ জনপদে এক সামন্ত রাজা বাস করতেন। তাঁর রাজ্য ছিল সপ্ত মণ্ডলে বিভক্ত। সেকালে এক মণ্ডল হতো বিশ ডিহিতে এবং একটি ডিহি ছিল বিশ খণ্ডে পাড়ায় বিভক্ত। অর্থাৎ এক মণ্ডল বললে চারশো খণ্ড বা পাড়া বুঝাতো। গোকর্ণ রাজের অধিকারের একটি মণ্ডল রাজা কান্দী রাজ বংশের প্রতিষ্ঠাতা অনাদিবর সিংহকে বন্দোবস্ত দিয়েছিলেন। তাঁকে বছরে দুহাজার টাকা রাজস্ব দিতে হতো। গোকর্ণের সামন্ত রাজের নামও ছিল গোকর্ণ। তাঁর কান দুটি খুব বড় ছিল বলে তাঁর এই নাম করণ হয়েছিল।
🌼 গোকর্ণের জমিদার রায়চৌধুরী বংশের পূর্বপুরুষরা এসেছিলেন আধুনা বাংলাদেশ থেকে। বাংলাদেশের ভাওয়াল রাজপরিবারের সঙ্গে এদের পারিবারিক সম্পর্ক রয়েছে। নবাব মুর্শিদকুলি খাঁর আমলে ঢাকা থেকে রামনাথ রায় চৌধুরী মুর্শিদাবাদে এসেছিলেন। পরে নবাবের কর্মচারী হিসাবে গোকর্ণে জমিদারির পওন ঘটে। কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ এই পরিবারটির সেবিত হচ্ছেন দেবী সিংহবাহিনী যার সম্বোধনী নাম “রামচন্দ্রেশ্বরী”। রামনাথ রায়চৌধুরীর পাঁচ জন পুত্র, তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রায়চৌধুরীর উপাস্য হচ্ছেন এই সিংহবাহিনী। ঢাকার বিক্রমপুর থেকে কারিগর এসে এই বিগ্রহটি নির্মাণ করেন বাংলা ১৬৬৬ শকাব্দে । বর্তমানে দেবী বিগ্ৰহের পেছনের চালিতে বিগ্ৰহের নাম “রামচন্দ্রেশ্বরী” উল্লেখ আছে। বাকি চার পুত্র রামভদ্র রায়চৌধুরী, জয় কৃষ্ণ রায়চৌধুরী, রাধাকৃষ্ণ রায়চৌধুরী ও রঘুনাথ রায়চৌধুরী দেবীকে রামচন্দ্রেশ্বরীর বদলে সিংহবাহিনী বলে সম্বোধন করেন।
🌼 এই পরিবারের আসল পদবী চট্টোপাধ্যায়, পরে ব্রিটিশ সরকার থেকে রায়চৌধুরী উপাধি লাভ করেন। তবে বর্তমানে এনারা রায়চৌধুরী উপাধিকে পদবী হিসেবে ব্যবহার করেন। বর্তমানে এই পাঁচ জন ভাইয়ের পরিবারের উত্তরাধিকার হিসেবে কন্যা সন্তানরাও সম্পত্তির অধিকারের মালিকানা পান। দেবীর সেবায়েত এই কন্যা সন্তানদের বংশধররা সিকি তরফ বলে পরিচিত, মানে চার আনা সম্পত্তির মালিক। বাকি বারোয়ানা পুত্র সন্তানদের উত্তরাধিকার মালিকানাধীন সম্পত্তি।
🌼 শারদীয়া দুর্গাপূজায় সিংহবাহিনী দেবীর পূজার দায়িত্ব শরিকি ভাগে বিভক্ত। জয়কৃষ্ণ রায়চৌধুরীর বংশধর সুধাংশু শেখর রায়চৌধুরী আমাকে তাদের পরিবারের ইতিহাস বলার সময় বলেন দেবীর সপ্তমীর পূজার দায়িত্ব তাদের পরিবারের তত্ত্বাবধানে থাকে। তবে বর্তমানে এই সপ্তমী পূজার দায়িত্ব দুটি ভাগে বিভক্ত। এক তরফ মায়ের ভোগরাগের দায়িত্বে থাকেন অন্য তরফ পূজার বলিদান এবং ভোগরাগের ব্যবস্থা করেন।
অষ্টমী পূজার দায়িত্বে থাকেন রামচন্দ্র রায়চৌধুরীর আসল কন্যার দৌহিত্র বংশধর পরিবার। আবার সন্ধি পূজার দায়িত্ব তাদের হাতেই থাকে। পরদিন নবমীর পূজার দায়িত্বে থাকেন সিকি তরফ, এনারা রামচন্দ্র রায়চৌধুরী দত্তপুত্রের কন্যার পরিবার।
🌼 ষষ্ঠীর পূজার আগে মায়ের অষ্টধাতুর বিগ্রহটি পর্যায়ে পর্যায়ে খুলে পরিষ্কার করা হয়। পরে শৃঙ্গারাদি করে পুনরায় মূল বেদীতে স্থাপন করা হয়। নবমীর কল্পারম্ভে বলিদান সহ পূজা হলেও আসল পূজা ষষ্ঠী থেকেই শুরু হয়। দেবের মূল বিগ্রহ ছাড়া বাকি শিব, গনেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর বিগ্রহ গুলি ৭ সেন্টিমিটার উচ্চতার। দশভূজা দেবী সিংহবাহিনীর পেছনের চালিসহ প্রস্থ ও দৈর্ঘ্য হচ্ছে ১২ ইঞ্চি ও ২৮ ইঞ্চি। দেবীর পূজায় চার দিন ছাগ বলিদান হয় যথা নবমীর কল্পারম্ভ, সপ্তমী, সন্ধিপূজা ও নবমী। দেবীর দালাল রীতির মন্দির ও পেছনে উল্টো পদ্মরীতির সংস্কারিত দুটি শিব মন্দির এবং একটি ভোগ মন্দির রয়েছে। গোকর্ণের গ্রাম্য মন্দিরগুলি এবং বারোয়ারী পূজা মন্ডপ গুলিতে দেবীর পূজা হলেও গোকর্ণ ও পার্শ্ববর্তী অনেক গ্রাম থেকে মানুষ এখানে পূজা ও অঞ্জলি দিতে আসেন।
🌼 গোকর্ণের নৃসিংহ দেবের সেবার দায়িত্ব এই পরিবারের হাতে রয়েছে, মূলত তাদের পারিবারিক মন্দির। মুর্শিদাবাদের প্রাচীন এই চারজালা মন্দিরটির ব্যাপক সংস্করণের অধিকাংশ অর্থ ব্যয় করেন এই পরিবারের সোমনাথ রায়চৌধুরী। পরের সংস্কারে ভোগ মন্দির সহ মন্ডপ বাঁধানো ইত্যাদির খরচ বহন করেন সুধাংশু শেখররায়চৌধুরী ও তার দাদা মৃগাঙ্কশেখর রায়চৌধুরী। এই পরিবারের পূর্বপুরুষরা, গোকর্ণ হাসপাতাল নির্মাণে সরকারকে জমি দান করেছিলেন। সেই চিত্র ও তথ্যের সঙ্গে যুক্ত করেছি। নৃসিংহ দেবের প্রচুর দেবত্ব সম্পত্তি ৩৭০ বিঘা এই জমিদার পরিবার বিভিন্ন জনের মধ্যে বিভক্ত (দুধ, অন্ন, বাজনা, হাড়ি, ফুল ইত্যাদি যোগানি) করে তাদের ও তাদের পরিবারকে সেবার দায়িত্ব দিলেও তারা আর কেউ সেই দায়িত্ব পালন করেন না। তবে রায় চৌধুরী পরিবার তাদের পরম্পরা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করছেন। জমিদারি প্রথা উচ্ছেদ ও বর্গা আইনে এনাদের প্রচুর দেবতর ও পারিবারিক সম্পত্তি সরকার অধিগ্রহণ করেন। দেবী সিংহবাহিনীর দেবদত্তর সম্পত্তি না থাকলেও সেবা কার্যে নিজ নিজ দায়িত্বে পরিবারটি পালন করছেন।