Polish 20261010

শুভ দে :

আজ পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু। মা আসছেন।আমাদের ছোটবেলায় টিভি চ্যানেলের এই রকম ঝাঁ ঝকঝকে মহালয়া ছিলো না, মা আগের দিন রেডিওতে নতুন ব্যাটারি ভরে রাখতেন। মহালয়ায় ভোর রাতে মা ঘুম থেকে ডেকে দিতো। আর তখন রেডিওতে শুনতে পেতাম এক গম্ভীর কণ্ঠের মহিষাসুরমর্দিনীর শ্লোক পাঠ। মা চেনালেন তার সাথে, বললেন তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
মৃত্যুর ৩৪ বছর পরেও তিনি আজও মহালয়ার ভোরে আকাশবাণী থেকে দেবী আহ্বান করে যাচ্ছেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর মহালয়া যেন মুদ্রার এপিঠওপিঠ। বাঙালির আবেগ ভাবাবেগ ভালোলাগা জড়িয়ে আছে তার কন্ঠ স্বরের সাথে।
উত্তর কলকাতার হাতিবাগানের শ্যামপুকুর স্ট্রীট। সেখানেই টাউন স্কুলের পাশের রাস্তা ধরে একটু এগিয়েই বাঁদিকে রামধন মিত্র লেন। সেই রাস্তায় সাত নম্বর হলুদ রঙের তিন তলা বিশাল বাড়িটায় আজ গিয়েছিলাম আমি। এই বাড়িটা এক ইতিহাসের সাক্ষী, এখানেই আমৃত্যু থাকতেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
সবুজ রঙের বিশাল কাঠের ফটক পেরিয়েই ঠাকুর দালান। গুটি গুটি পায়ে উঠে এলাম তিন তলায়। আলাপ হলো ওনার পুত্রবধূর সাথে। ঘুরিয়ে দেখালেন পুরো বাড়ি।
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের খাট, আলমারি, পেপার ওয়েট থেকে নস্যির কৌটো পর্যন্ত। আজ এক অন্য আর অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম আমি।
আচ্ছা আমার শোনা হয় নি উনি কখনও নিজের ঠাকুর দালানে চণ্ডীপাঠ করেছেন কিনা! অনেকটা সময় গল্প কথায় কেটে গেলো ওনার বাড়ির সদস্যদের সাথে। যতদিন বাঙালির ঘরে মা দুর্গা আসবেন ততদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। বছরের অন্তত একটা ভোর বাঙালি শুরু করুক ওনার কন্ঠস্বরের সাথে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *