রাজ্যের সরকারি প্রশাসনে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করল কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। এই নির্দেশ অনুযায়ী, শনি, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও প্রয়োজন অনুযায়ী দফতরের কর্মীদের পালাক্রমে অফিসে উপস্থিত থাকতে হবে। উচ্চপদস্থ আধিকারিকদের সরকারি কাজ পরিচালনায় সহায়তা করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বের কারণে অনেক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে ছুটির দিনেও অফিসের কাজ সামলাতে হয়। ফলে তাঁদের প্রয়োজনীয় নথি, তথ্য বা প্রশাসনিক সহায়তা দিতে সংশ্লিষ্ট শাখাগুলির কর্মীদেরও উপস্থিত থাকা জরুরি হয়ে পড়ে। সেই কারণেই ‘রোস্টার’ বা পালাক্রমের ভিত্তিতে ন্যূনতম সংখ্যক কর্মীকে অফিসে উপস্থিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক শাখা নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মীদের তালিকা তৈরি করবে এবং নির্ধারিত সূচি অনুসারে ছুটির দিনে দায়িত্ব বণ্টন করবে। এর ফলে জরুরি প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এবং সরকারি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে।
কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের বিশেষ সচিব, অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনক্রমে এই নির্দেশ জারি করেছেন। নবান্ন সূত্রে খবর, ভবিষ্যতে একই ধরনের ব্যবস্থা জেলা, মহকুমা ও ব্লক স্তরের প্রশাসনিক কার্যালয়েও চালু হতে পারে।
এদিকে অর্থ দফতর সম্প্রতি পৃথক বিজ্ঞপ্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণদিবস ছুটি এবং বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে। সরকারি প্রশাসনের কার্যকারিতা বজায় রেখে ছুটির ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা।