Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (5)

রাজ্যের নতুন বাজেট ঘিরে আশাবাদী ছিলেন লক্ষ লক্ষ গৃহসহায়িকা ও পরিচারিকা। তবে বাজেট পেশ হওয়ার পর তাঁদের মধ্যে দেখা দিয়েছে প্রবল হতাশা। ন্যূনতম মজুরি, স্বাস্থ্যসুরক্ষা, পেনশন, মাতৃত্বকালীন ছুটি কিংবা শিশুদের জন্য ক্রেশের মতো দীর্ঘদিনের দাবিগুলির কোনও উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গৃহশ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিরা।

গৃহশ্রমিকদের দাবি, পশ্চিমবঙ্গে কর্মরত মহিলাদের বৃহত্তম অংশই এই পেশার সঙ্গে যুক্ত। শিল্প, কৃষি ও খনি ক্ষেত্রে কর্মসংস্থান কমার সঙ্গে সঙ্গে বহু মহিলা জীবিকার সন্ধানে গৃহশ্রমের দিকে ঝুঁকেছেন। কেন্দ্রীয় ই-শ্রম পোর্টালের তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৫২ লক্ষ গৃহশ্রমিকের নাম নথিভুক্ত রয়েছে। এত বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের কথা বাজেটে স্থান না পাওয়ায় প্রশ্ন উঠছে সরকারের অগ্রাধিকার নিয়েও।

উল্লেখ্য, কেরল, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং ওড়িশার মতো একাধিক রাজ্যে গৃহশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হয়েছিল।

‘পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি’-র সদস্যদের অভিযোগ, গৃহশ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সামাজিক সুরক্ষার আওতায় আনা এখন সময়ের দাবি। তাঁদের বক্তব্য, বর্তমান সরকারের এক প্রতিমন্ত্রী অতীতে পরিচারিকার কাজের সঙ্গে যুক্ত থাকায় এবারের বাজেট নিয়ে বিশেষ প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে সেই আশা পূরণ হয়নি।

গৃহশ্রমিক সংগঠনগুলির মতে, রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই বিশাল কর্মীশক্তির উন্নয়নের জন্য আগামী দিনে সরকারকে নির্দিষ্ট নীতি ও প্রকল্প ঘোষণা করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *