দেশে কাশির সিরাপ বিক্রির ক্ষেত্রে আরও কঠোর নিয়ম চালু করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। নতুন নির্দেশ অনুযায়ী, এখন থেকে যেকোনো ধরনের কফ সিরাপ কিনতে গেলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪৫-এর সংশোধনের মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সিরাপ জাতীয় ওষুধের গুণমান, উৎপাদন এবং বিক্রির উপর নজরদারি আরও শক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি দেশে একাধিক রাজ্যে কাশির সিরাপ ব্যবহারের পর শিশু মৃত্যুর ঘটনা সামনে আসে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিশেষ করে দূষিত ওষুধ ‘কোল্ডরিফ’ ব্যবহারের পর মধ্যপ্রদেশ ও রাজস্থানে কয়েকটি শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। পরীক্ষায় দেখা যায়, কিছু সিরাপে ক্ষতিকর রাসায়নিক যেমন ডাইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকলের উপস্থিতি রয়েছে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।
এই ঘটনার পর তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশসহ একাধিক রাজ্যে সংশ্লিষ্ট সিরাপের বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে ওষুধের গুণমান যাচাই এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কড়াকড়ি করার নির্দেশ দেয়।
অন্যদিকে, কাশির সিরাপের অপব্যবহারও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে নেশাজাতীয় দ্রব্য হিসেবে কোডিনযুক্ত সিরাপের ব্যবহার বেড়েছে। এই অপব্যবহার রোধে আগেই কিছু সিরাপের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।
নতুন নিয়মে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া কাশির সিরাপ বিক্রি বা ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।