Weqwe 2 (5) Copy Copy Copy Copy Copy Copy Copy Copy (7)

নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে গঠিত ‘নব্য’ তৃণমূল এবার সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শর্তসাপেক্ষ বার্তা দিল। তাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংগঠনের নেতৃত্ব থেকে সরানো হলে তবেই তাঁরা মমতার নেতৃত্ব মেনে একসঙ্গে চলতে রাজি।

এই বার্তা সামনে এনেছেন বিদ্রোহী শিবিরের মুখ্য সচেতক ও প্রাক্তন মন্ত্রী আখরুজ্জামান। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা এখনও নেতা হিসেবে মানেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ও নেতৃত্ব নিয়েই তাঁদের মূল আপত্তি। আখরুজ্জামান স্পষ্ট জানিয়েছেন, অভিষেককে সরিয়ে দিলে তাঁরা মমতার সঙ্গেই থাকবেন, অন্যথায় জোড়াফুল প্রতীককে সামনে রেখেই আলাদা রাজনৈতিক সংগঠন গড়ার পথে হাঁটতে পারেন।

বর্তমানে তৃণমূলের নির্বাচিত ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জন বিদ্রোহী ফ্রন্টের সঙ্গে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। যদিও তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করেননি কিংবা আলাদা প্রতীকও দাবি করেননি। অন্যদিকে, সংসদীয় দলেও অসন্তোষের ইঙ্গিত মিলছে। বিদ্রোহী সাংসদদের একাংশের দাবি, প্রায় ২২ জন সাংসদও বিকল্প ফ্রন্ট তৈরির বিষয়ে আলোচনা করছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অবস্থান শুধু অভিষেক-বিরোধিতার প্রকাশ নয়, বরং তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্ব ও দলের সাংগঠনিক কাঠামো নিয়ে চাপ তৈরির কৌশল। ফলে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা আরও জোরালো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *