রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে সরকারি কর্মীদের আবাসনে স্মার্ট ইলেকট্রিক মিটার বসানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন। সম্প্রতি জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কর্পোরেশন ও অন্যান্য সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা এই প্রকল্পের আওতায় থাকবেন। যাঁদের বেতন বা পারিশ্রমিক সরাসরি রাজ্যের রাজকোষ থেকে প্রদান করা হয়, তাঁদের বাড়িতেই এই স্মার্ট মিটার বসানো হবে।
এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সমস্ত দফতরের প্রধান, পুলিশ প্রশাসনের শীর্ষকর্তা, ডিভিশনাল কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এবং জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য বিদ্যুৎ বণ্টনে ক্ষতি কমানো এবং পরিষেবাকে আরও দক্ষ করে তোলা।
ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (WBSEDCL) প্রথম পর্যায়ে ৫৫৪টি কাস্টমার কেয়ার সেন্টারের মধ্যে ১০৩টি কেন্দ্রকে বেছে নিয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ বণ্টনে ক্ষতির হার বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে স্মার্ট মিটার বসানো হবে। পরে ধাপে ধাপে বাকি এলাকাগুলিতেও এই প্রকল্প সম্প্রসারিত করা হবে।
সরকার জানিয়েছে, নতুন স্মার্ট মিটারগুলি প্রথমে পোস্ট-পেড ব্যবস্থাতেই চলবে এবং বর্তমান বিলিং পদ্ধতিতে কোনও পরিবর্তন হবে না। তবে গ্রাহক চাইলে পরবর্তীতে স্বেচ্ছায় প্রি-পেড ব্যবস্থাও বেছে নিতে পারবেন।
এছাড়া পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে রাজ্যের সরকারি অফিসগুলিতে রুফটপ সোলার প্যানেল বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রশাসনের।