সরকারি হাসপাতালে শয্যার অভাবে চিকিৎসা না-পাওয়া রোগীদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর। দীর্ঘদিনের একটি নিয়ম কার্যকর করতে উদ্যোগী হয়েছে সরকার, যার ফলে শহরের একাধিক বেসরকারি হাসপাতালের শয্যা সাধারণ রোগীদের জন্য ব্যবহার করা যাবে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, যেসব বেসরকারি হাসপাতাল নির্মাণ বা সম্প্রসারণের সময়ে জমি, কর ছাড় বা অন্য কোনও সরকারি সুবিধা পেয়েছিল, তাদের মোট শয্যার ১০ শতাংশ সরকারকে ব্যবহারের জন্য সংরক্ষিত রাখতে হবে। এই নিয়ম বহু বছর আগে চালু হলেও বাস্তবে তা সেভাবে কার্যকর হয়নি। এবার সেই নিয়ম কঠোরভাবে প্রয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার।
এই বিষয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে ১৭টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সেখানে সরকারি নির্দেশিকা মেনে চলার বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এই ১৭টি হাসপাতাল থেকে মোট প্রায় ৬৬০টি শয্যা পাওয়া যাবে, যা সরকারি হাসপাতালের রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে।
সরকারি হাসপাতালগুলিতে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এই পদক্ষেপ বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। জরুরি পরিস্থিতিতে বা শয্যা সংকট দেখা দিলে রোগীদের দ্রুত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হবে। এতে চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে এবং রোগীদের ভোগান্তিও কমবে।
স্বাস্থ্য দফতরের মতে, সরকারি সহায়তা নিয়ে গড়ে ওঠা হাসপাতালগুলির সামাজিক দায়বদ্ধতা রয়েছে। তাই সাধারণ মানুষের স্বার্থে এই সংরক্ষিত শয্যাগুলি কার্যকরভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে। আগামী দিনে এই উদ্যোগ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে।