নির্বাচনী ব্যস্ততা ও প্রশাসনিক দায়িত্ব সামলে অবশেষে কিছুটা অবসর সময় কাটাতে ডুয়ার্সে পৌঁছালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। স্ত্রীকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের সবুজ অরণ্য, চা-বাগান এবং মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে কয়েকদিনের সফরে বেরিয়েছেন তিনি।
সফরের দ্বিতীয় দিনে সকালে ডুয়ার্সের ধূপঝোড়া বিট এলাকার গাছবাড়ি অঞ্চলে প্রাতঃভ্রমণে বের হন মন্ত্রী দম্পতি। পরে তাঁরা জনপ্রিয় হাতি সাফারিতে অংশ নেন। জঙ্গলের ভিতর হাতির পিঠে চড়ে বনাঞ্চলের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন তাঁরা। ডুয়ার্সের বন্যপ্রাণ ও প্রাকৃতিক পরিবেশকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হন মন্ত্রী ও তাঁর স্ত্রী।
সাফারির সময় নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরাও তাঁদের সঙ্গে ছিলেন। ধূপঝোড়ার কুনকি হাতিদের ফল খাওয়াতে দেখা যায় দিলীপ ঘোষকে। সেই দৃশ্য দেখতে বহু পর্যটকও ভিড় জমান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চাপড়ামাড়ি এলাকায় পৌঁছান মন্ত্রী দম্পতি এবং সেখানেই রাত্রিযাপন করেন। শুক্রবার সকালে ধূপঝোড়ায় গিয়ে স্থানীয় পরিবেশ উপভোগ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি। চায়ের আড্ডায় এলাকার নানা সমস্যা, উন্নয়ন এবং স্থানীয় বিষয় নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। অনানুষ্ঠানিক সেই আলোচনায় এলাকার মানুষের অভিজ্ঞতা ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী।
ডুয়ার্স সফরের বিভিন্ন কর্মসূচি শেষ করে পরে মালবাজার, ওদলাবাড়ি এবং গজলডোবা হয়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ। তাঁর এই সফর ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও কৌতূহল।