মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে গিয়ে সঙ্গীত জগতের একাধিক শিল্পী পূর্বতন সরকারের আমলে বঞ্চনা, কাটমানি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ তুললেন। মঙ্গলবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। তাঁদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সঙ্গীত জগতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য ছিল এবং সরকারি অনুষ্ঠানে সুযোগ পাওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হত।
বিক্ষুব্ধ শিল্পীদের দাবি, প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ শিল্পীরাই বারবার সরকারি মঞ্চে সুযোগ পেতেন। ফলে বহু প্রতিভাবান শিল্পী দীর্ঘদিন ধরে উপেক্ষিত থেকেছেন। অভিযোগ আরও, অনুষ্ঠান করানোর নাম করে শিল্পীদের কাছ থেকে কাটমানিও নেওয়া হত। নতুন সরকারের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন, যাতে ভবিষ্যতে যোগ্যতার ভিত্তিতে শিল্পীদের সুযোগ দেওয়া হয় এবং অতীতের বঞ্চনার বিচার করা হয়।
তবে সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, গত ১৫ বছরে হাজার হাজার শিল্পী সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। ইন্দ্রনীলের বক্তব্য, কোনও শিল্পী যদি প্রমাণ করতে পারেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনও আর্থিক সুবিধা নিয়েছেন, তবে প্রশাসন যে ব্যবস্থা নেবে তা তিনি মেনে নেবেন।
এ দিন জনতার দরবারে শুধু শিল্পীরাই নন, ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও ন্যায়বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। পাশাপাশি চিকিৎসার সহায়তার আবেদন নিয়েও কয়েকজন সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।