Weqwe 2 (1)

বাংলার ক্রীড়াজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু, যিনি সকলের কাছে ‘টুটু বসু’ নামেই পরিচিত ছিলেন। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শুধু মোহনবাগান নয়, সমগ্র ভারতীয় ফুটবল মহল।

সোমবার সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হন টুটু বসু। দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মঙ্গলবার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর শারীরিক অবস্থার খবর নেন।

দীর্ঘ কয়েক দশক ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ছিলেন টুটু বসু। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি ক্লাবের সচিব ছিলেন। পরে সভাপতির দায়িত্বও সামলান বহু বছর। তাঁর নেতৃত্বে মোহনবাগান শুধু সাফল্যই পায়নি, বদলে গিয়েছিল ক্লাবের ভবিষ্যৎ ভাবনাও।

তাঁর হাত ধরেই মোহনবাগানে আসে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত। শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার হাতে ক্লাবের ফুটবল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল সবচেয়ে আলোচিত। সেই সময় ক্লাবের নামের আগে যুক্ত হয়েছিল ‘এটিকে’, যা নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তবে আধুনিক ফুটবলের সঙ্গে তাল মেলাতে এই পদক্ষেপ জরুরি বলেই মনে করেছিলেন টুটু বসু।

এরও আগে তিনি ইতিহাস গড়েছিলেন নাইজেরিয়ান ফুটবলার চিমা ওকেরিকে দলে এনে। চিমাই ছিলেন মোহনবাগানের প্রথম বিদেশি ফুটবলার। বর্তমানে তাঁর পুত্র সৃঞ্জয় বসু ক্লাবের সচিব পদে রয়েছেন। টুটু বসুর প্রয়াণে মোহনবাগানের এক স্বর্ণযুগের সমাপ্তি ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *