ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা পুলিশের সাইবার সেলের পদক্ষেপ
‘বাংলা পক্ষ’-এর অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে উস্কানিমূলক মন্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে নির্বাচন কমিশনের তরফে ময়দান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে মামলাটি কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে একাধিক ডিজিটাল তথ্য ও সোশ্যাল মিডিয়া পোস্ট খতিয়ে দেখার পর গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার তাঁকে আদালতে তোলা হতে পারে।
ভোটপর্ব চলাকালীন গর্গ প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন, নিরাপত্তার মধ্যে সিল করে রাখা ইভিএম গণনার সময় কেন বিকল হচ্ছে। পাশাপাশি ভোটারদের ভিভিপ্যাট ভালোভাবে পরীক্ষা করার আহ্বানও জানান তিনি। প্রশাসনিক সূত্রের দাবি, তাঁর এই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি করতে পারে বলেই তদন্ত শুরু হয়।
এর আগে ভবানীপুর কেন্দ্রে ভোট দিতে গিয়েও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন বলে খবর। বাংলা ভাষা ও বাঙালি পরিচয়কে সামনে রেখে তাঁর রাজনৈতিক অবস্থান বরাবরই বিতর্কের কেন্দ্রে ছিল। সমালোচকদের একাংশের অভিযোগ, বাংলা আবেগের নামে বিভাজনের রাজনীতি করা হচ্ছিল। যদিও তাঁর সমর্থকদের দাবি, বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালির অধিকার রক্ষার দাবিতেই তিনি সরব ছিলেন।
উল্লেখ্য, এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন গর্গ চট্টোপাধ্যায়। পরে তিনি প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন। এবার তাঁর গ্রেফতারিকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যে।