Your paragraph text

কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজই কলকাতায় এসে পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল আজ সকাল থেকেই তৎপরতা শুরু করেছে।

আজ সকাল ১০টা থেকে কলকাতার একটি অভিজাত হোটেলে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস—প্রত্যেক দলের থেকেই পৃথকভাবে মতামত নেওয়া হচ্ছে। ভোটার তালিকা সংশোধন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের দাবি ও অভিযোগ কমিশনের কাছে পেশ করছে। বিশেষ করে ‘SIR’ (Special Intensive Revision) পদ্ধতি নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছে, সে বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর আজ বিকেলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং পুলিশ প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন কমিশনাররা।

২০২৬-এর নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন এখন থেকেই ‘জিরো টলারেন্স’ নীতি নিতে চাইছে। সূত্রের খবর, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে বিশেষ কিছু পদক্ষেপের ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার। আগামীকাল জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে সফরের নির্যাস তুলে ধরবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *