Your paragraph text (2)

কলকাতা: আরজি কর আবহে যখন তিলোত্তমার নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, ঠিক তখনই খাস কলকাতায় ফের চলল গুলি। সোমবার গভীর রাতে তিলজলা রোড এলাকায় এক যুবককে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বর্তমানে ওই যুবক গুরুতর জখম অবস্থায় এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম মহম্মদ নিয়াজ ওরফে রাজা । পেশায় ব্যবসায়ী নিয়াজকে সোমবার রাতে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেনিয়াপুকুর থানার অন্তর্গত তিলজলা রোডে পৌঁছালে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে এলাকা কেঁপে ওঠে গুলির শব্দে। অভিযুক্তরা প্রায় ৫-৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় নিয়াজকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পায়ে তিনটি গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বেনিয়াপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ও লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মহম্মদ সলমন নামে এক স্থানীয় দুষ্কৃতীর নাম। পুলিশের ধারণা, পুরনো কোনো শত্রুতা বা ব্যবসায়িক বিবাদের জেরে এই সুপারি কিলিং-এর চেষ্টা হতে পারে। জনবহুল তিলজলা এলাকায় এই শ্যুটআউটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের টহলদারি বাড়ানো হলেও বাসিন্দারা শহরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *