দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া পুরসভার নির্বাচন করানোর লক্ষ্যে চূড়ান্ত তৎপরতা শুরু করল রাজ্য সরকার। আজ, শনিবার বিধানসভায় পেশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। মূলত বালি পুরসভাকে হাওড়া থেকে বিচ্ছিন্ন করা এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত আইনি জট কাটাতেই এই বিল আনা হচ্ছে।

২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। কিন্তু প্রশাসনিক জটিলতা এবং স্থানীয় বাসিন্দাদের চাহিদার কথা মাথায় রেখে সরকার পুনরায় বালিকে আলাদা পুরসভা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এই বিভাজন ঘিরেই তৈরি হয়েছিল আইনি জটিলতা, যার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে হাওড়ায় নির্বাচন থমকে রয়েছে।

এই বিলটি পাশ হলে বালি পুরসভা আনুষ্ঠানিকভাবে হাওড়া কর্পোরেশন থেকে পৃথক হয়ে যাবে।বালি আলাদা হওয়ার পর হাওড়া কর্পোরেশনের বর্তমান ৬৬টি ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হবে।নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত পুরসভা পরিচালনার আইনি পরিকাঠামো এই বিলে নিশ্চিত করা হয়েছে।

২০১৮ সাল থেকে হাওড়া পুরসভা প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। নির্বাচিত বোর্ড না থাকায় নাগরিক পরিষেবা নিয়ে বিরোধী দলগুলো বারবার সরব হয়েছে। নবান্ন সূত্রের খবর, রাজভবনের সঙ্গে সমন্বয় রেখে এবার বিলটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো আইনি বা সাংবিধানিক বাধা না আসে।আজ বিধানসভায় বিলটি পাশ হলে তা রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *