মৌমিতা সিনহা : রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। মাসিক বেতন ১৫,০০০ টাকা করার দাবিতে আজ সল্টলেকের স্বাস্থ্য ভবন অভিযানে শামিল হলেন রাজ্যের কয়েক হাজার আশা (ASHA) কর্মী। এই অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি ও হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্য ভবন চত্বর।
গতকাল পেশ করা রাজ্য বাজেটে আশা কর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু আন্দোলনকারী কর্মীদের দাবি, বর্তমান দুর্মূল্যের বাজারে এই সামান্য বৃদ্ধি তাঁদের সাথে ‘উপহাস’ করার সমান। তাঁদের সাফ কথা, “আমরা ১,০০০ টাকা ভিক্ষা চাই না, আমাদের কাজের নূন্যতম স্বীকৃতি হিসেবে মাসিক ১৫,০০০ টাকা স্থায়ী বেতন দিতে হবে।”
এদিন দুপুর নাগাদ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন। করুণাময়ী মোড় পার হতেই পুলিশ তাঁদের গতিরোধ করার চেষ্টা করে। স্বাস্থ্য ভবনের ঢিল ছোড়া দূরত্বে বড় পুলিশি ব্যারিকেড তৈরি করা হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সাথে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির ফলে বেশ কয়েকজন আশা কর্মী অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশের কয়েক জন কর্মীও সামান্য আঘাত পান। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়।
বিকেল পর্যন্ত স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখতেই ব্যারিকেড দেওয়া হয়েছিল।