গৌতম মুখোপাধ্যায় : আর্ন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল ১ এপ্রিল থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সেই দিনক্ষণ এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার ধর্মতলার অবস্থানমঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, নারী দিবসের বিশেষ উপহার হিসেবে আজ থেকেই ‘যুবসাথী’ প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো। একে নারী দিবসের বিশেষ ‘উপহার’ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যাঁরা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পান না, তাঁরাই এই ১৫০০ টাকা পাবেন।তবে যাঁরা পড়াশোনার জন্য সরকারি স্কলারশিপ বা বৃত্তি (যেমন- বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী) পান, তাঁদের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। তাঁরা বৃত্তির পাশাপাশি এই যুবসাথীর সুবিধাও পাবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় রাজ্যে ব্যাপক সাড়া মিলেছে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী: এই পর্যায়ে যুবসাথী প্রকল্পের জন্য রাজ্যে প্রায় ১ লক্ষ আবেদন জমা পড়েছে। জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। ডিবিটি (DBT) বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কাল আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে উপহার হিসেবে আজ শনিবার থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করে দিলাম।” প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতী সরাসরি উপকৃত হতে চলেছেন।