সুভাশীষ দত্ত, কৃষ্ণনগর : বিএসএফের (BSF) নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কৃষ্ণনগর। কয়েকশো কিমি দূর থেকে এসেও পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা চাকরিপ্রার্থীরা। অভিযোগ, হাতে বৈধ অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও বিএসএফ কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে ‘শূন্যপদ নেই’। এই চরম অব্যবস্থার প্রতিবাদে এবং নিয়োগের দাবিতে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশো পরীক্ষার্থী।
মঙ্গলবার সকালে বিএসএফের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কৃষ্ণনগরের নির্দিষ্ট ক্যাম্পে হাজির হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা পরীক্ষার্থীরা। অনেকেরই দাবি, তাঁরা কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগের রাত থেকে কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। কিন্তু অভিযোগ, গেট খোলার সময় বিএসএফ আধিকারিকরা তাঁদের সাফ জানিয়ে দেন যে নির্দিষ্ট পদের জন্য কোনো শূন্যপদ ফাঁকা নেই, তাই পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
বিক্ষোভরত এক পরীক্ষার্থীর কথায়:
“আমাদের কাছে বৈধ অ্যাডমিট কার্ড আছে। যদি শূন্যপদ নাই থাকে, তবে কেন আমাদের ফর্ম ফিলাপ করানো হলো? কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো? এত দূর থেকে টাকা খরচ করে এসে এখন শুনতে হচ্ছে কোনো ভ্যাকেন্সি নেই। এটা আমাদের ভবিষ্যতের সাথে মশকরা।”
বিএসএফ কর্তৃপক্ষের এই ‘তুঘলকি’ সিদ্ধান্তের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তার ওপর বসে পড়ে চলে স্লোগান। এর ফলে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে বাস ও পণ্যবাহী ট্রাক। দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও চাকরিপ্রার্থীরা নিজেদের দাবিতে অনড় থাকেন। তাঁদের দাবি, অবিলম্বে লিখিত পরীক্ষা বা নিয়োগের স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বিএসএফ কর্তৃপক্ষকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।