বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্কের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপ বিস্তারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১১ জন সন্দেহভাজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সংস্থাটি।
গুয়াহাটির এনআইএ বিশেষ আদালতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ), ১৯৬৭-এর বিভিন্ন ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা ‘ইমাম মাহমুদের কাফিলা’ (আইএমকে) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, যা এনআইএর দাবি অনুযায়ী জেএমবির একটি সহযোগী শাখা হিসেবে কাজ করত।
তদন্তকারী সংস্থার অভিযোগ, জেএমবির শীর্ষ নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতে সংগঠনের কার্যকলাপ সম্প্রসারণের উদ্দেশ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলেন। আইএমকের মাধ্যমে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে উগ্রপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি এনআইএর।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা গোপন বৈঠকের আয়োজন, ধর্মীয় মতাদর্শের আড়ালে উগ্রপন্থার প্রচার, জঙ্গিবাদী সাহিত্য বিতরণ এবং ডিজিটাল মাধ্যমে নতুন সদস্য সংগ্রহের কাজ করত। বিশেষভাবে সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল যুবকদের লক্ষ্য করে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছিল বলে অভিযোগ।
তদন্ত চলাকালীন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং ডিজিটাল তথ্য উদ্ধার করেছে এনআইএ। সংস্থার দাবি, উদ্ধার হওয়া তথ্যপ্রমাণে জঙ্গি নেটওয়ার্ক বিস্তার ও উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে অভিযুক্তদের সংশ্লিষ্টতার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। মামলার তদন্ত এখনও অব্যাহত রয়েছে।