লোকসভায় নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনার মধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা। সোমবার সংসদে গুরুত্বপূর্ণ পদক্ষেপের আগে বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, তাঁদের দলে সাংসদ সংখ্যা ২০ নয়, বেড়ে হয়েছে ২২। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
প্রথমে যে চিঠি প্রকাশ্যে এসেছিল, তাতে ১৯ জন তৃণমূল সাংসদের স্বাক্ষর ছিল। পরে শনিবার এই শিবিরে যোগ দেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে সংখ্যাটা ২০-এ পৌঁছায়। তবে কাকলির দাবি অনুযায়ী আরও দুই সাংসদ তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন। যদিও ওই দুই সাংসদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।
সূত্রের খবর, সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে বিক্ষুব্ধ সাংসদরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেন। তাঁরা আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি চাওয়ার পাশাপাশি নিজেদেরকেই ‘আসল তৃণমূল’ বলে দাবি করতে পারেন বলে জল্পনা রয়েছে। সেই ক্ষেত্রে লোকসভায় দলনেতা পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে। একই সঙ্গে মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ দস্তিদারকে বহাল রাখার দাবিও উঠতে পারে।
রবিবার দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের বাসভবনে বিক্ষুব্ধ সাংসদদের নিয়ে নৈশভোজ ও কৌশলগত বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের পাশে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ-সহ একাধিক সাংসদ। ফলে দলের অভ্যন্তরীণ টানাপোড়েন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।