গৃহিণীদের অবদানকে শুধু ‘হোমমেকার’ শব্দে সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরং তাঁদের ‘দেশের নির্মাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, সংসার পরিচালনা, পরিবারের সদস্যদের দেখভাল এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে গৃহিণীদের শ্রমের ন্যূনতম অর্থনৈতিক মূল্য মাসিক ৩০ হাজার টাকা হিসেবে বিবেচনা করা যেতে পারে।
একটি মোটর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ মামলার শুনানিতে এই মন্তব্য করে বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ। ২০০১ সালে পঞ্জাবে এক গৃহবধূর মৃত্যুর পর তাঁর পরিবার ক্ষতিপূরণের আবেদন জানায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্ট ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৬২.৭৮ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয়।
রায়ে আদালত উল্লেখ করে, গৃহিণীরা শুধু ঘরের কাজ করেন না, তাঁরা পরিবারের ভিত শক্ত করেন এবং সন্তানদের লালন-পালনের মাধ্যমে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিচারপতিদের মতে, বিবাহ কোনও পরিচারিকা নিয়োগের চুক্তি নয়; সংসারের দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়েরই সমান।
আদালত আরও জানায়, বহু মহিলা নিজেদের সময়, শ্রম ও সক্ষমতা পরিবারের জন্য উৎসর্গ করেন, যার অর্থনৈতিক মূল্য দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে। তাঁদের অবদানকে সামাজিক ও আর্থিক স্বীকৃতি দেওয়া জরুরি।
সুপ্রিম কোর্টের মতে, গৃহিণীদের শ্রমকে অদৃশ্য বলে উপেক্ষা করা যায় না। তাঁদের কাজ পরিবারের আয় ও সম্পদের ক্ষেত্রেও এক ধরনের বিনিয়োগ। পাশাপাশি, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করতে দেশের সব হাই কোর্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।